২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিসি ক্যামেরা ভোট কক্ষে, গোপন কক্ষে নয়: ইসি আলমগীর

গোপন কক্ষে ক্যামেরা বসানোর কথাটি ভুল বলে দাবি করেছেন এই নির্বাচন কমিশনার।

সিসি ক্যামেরা ভোট কক্ষে, গোপন কক্ষে নয়: ইসি আলমগীর

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয় এমন সিসি ক্যামেরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 09:23 PM

Updated : 20 Oct 2022, 09:22 PM

ভোটদানের গোপন কক্ষে কোনো সিসি ক্যামেরা বসানো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

ভোট কেন্দ্রের গোপন কক্ষে সিসি ক্যামেরা স্থাপনে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হচ্ছে বলে আলোচনা ওঠার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন তিনি।

আলমগীর বলেন, “আমরা পরিষ্কার করে বলতে চাই, গোপন কক্ষে সিসি ক্যামেরা রাখার কোনো সুযোগ নেই। ভোট কক্ষে স্থাপন করা হয়েছে। ব্যালট ইউনিট, ভোটার কাকে ভোট দিচ্ছে, তা দেখার সুযোগ নেই।”

সম্প্রতি গাইবান্ধা উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়মের দৃশ্য সিসি ক্যামেরায় দেখে ভোট বন্ধ করে দিয়েছিল ইসি।

সেই সিসি ক্যামেরা নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ একদিন আগে বলেছিলেন, ভোট কেন্দ্রের গোপন বুথে সিসি ক্যামেরা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে আইনজ্ঞদের অভিমত দিয়েছেন।

গোপন কক্ষে সিসি ক্যামেরা রাখার বিষয়ে ভুল তথ্য আসছে উল্লেখ করে বলে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “যারা বলেছেন, গোপন কক্ষে সিসি ক্যামেরা, তাদের কাছে হয়ত সঠিক তথ্যটি নেই। গোপন কক্ষে সিসি ক্যামেরা রাখার আইনগত অধিকার নেই; আমরা তা রাখিওনি।

“ভোট দেবেন গোপনে; কোন মার্কায় ভোটার কাকে ভোট দিলেন গোপন কক্ষে, তা দ্বিতীয় ব্যক্তি জানার সুযোগ নেই। নির্বাচন কমিশনেরও জানার সুযোগ নেই। সরাসরি বা ক্যমেরায় কারও দেখারও সুযোগ নেই।”

গাইবান্ধায় ভোট স্থগিতের বিষয়ে তিনি বলেন, “আমরা ভোট কক্ষে রেখেছি; যেখানে প্রিজাইডিং, পোলি অফিসার বসেছেন; ভোটাররা এসেছেন সেখানে ক্যামেরা রাখা হয়েছে। সেখান থেকে দেখা গেছে, ভোটার ছাড়াও অন্য ব্যক্তি ঢুকে ভোট দিয়ে চলে এসেছে। কিসে ভোট দিয়েছে তা তো দেখা যায় নি, কারণ গোপনকক্ষে তো ক্যামেরা নেই।”