২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ মাধ্যমিকে বসছে ৮ বোর্ডের ১০ লাখ শিক্ষার্থী

বরাবরের মতই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

উচ্চ মাধ্যমিকে বসছে ৮ বোর্ডের ১০ লাখ শিক্ষার্থী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 11:40 PM

Updated : 16 Aug 2023, 11:40 PM

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১০ লাখ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। 

এদিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মহামারীর পর এবারই প্রথম পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। অর্থাৎ তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। 

বরাবরের মতই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব চলায় মশা প্রতিরোধে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

দেশের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিভাগে প্রবল বর্ষণ ও বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে দেওয়া হয়। 

ফলে বৃহস্পতিবার শুরু হচ্ছে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও দিনাজপুর বোর্ডের পরীক্ষা।   

এই আট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ২৪১ জন। এর মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন বিজ্ঞান বিভাগের, ৫ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন মানবিকের এবং ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ জন ব্যবসায় শিক্ষার। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৭ অগাস্ট। 

এবছর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে।

৭৫ নম্বরের পরীক্ষায় ২৫ নম্বর থাকবে ব্যবহারিকে; বাকি ৫০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা নেওয়া হবে। ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর থাকবে এমসিকিউ আর ৩০ নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।

পরীক্ষার্থীর সংখ্যা 

  • চলতি বছর ১১ বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে। 

  • তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে। 

  • ২০২২ সালে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন এবং কেন্দ্র বেড়েছে ৯টি।   

  • ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে বিজ্ঞানে ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকে ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন, ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন। 

  • এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষা দেবে। 

  • বিদেশের আটটি কেন্দ্রে এবার পরীক্ষার্থী ৩২৭ জন। 

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। 

তবে মহামারীর কারণে এক বছর এইচএসসি পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। 

২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। 

এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে যায় সিলেবাস শেষ না হওয়ার কারণে।

মানতে হবে যেসব নির্দেশনা 

এইচএসসি পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

  • পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ রেজিস্ট্রোরে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

  • পরীক্ষা শুরুর ২৫মিনিট আগে এসএমএসের এর মাধ্যমে প্রশ্নপত্রের সেট কোড সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে; কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে সেটা হতে হবে এমন ফোন, যাতে ছবি তোলা যায় না।

  • পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রর্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া) অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালপালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন পরীক্ষায়। 

প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউনসিনড্রোম, সেরিব্রালপালসিতে আক্রান্ত) পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। শিক্ষক/অভিভাবক/সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তারা।