২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান সেলিম খান কারাগারে

আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তিনি, তা নাকচ হয়ে গেছে।

ইউপি চেয়ারম্যান সেলিম খান কারাগারে

ইউপি চেয়ারম্যান সেলিম খান।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 08:06 PM

Updated : 12 Oct 2022, 08:06 PM

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানকে কারাগারে যেতে হল।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন; তিনি গত ২৭ সেপ্টেম্বর এই আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেছিলেন।

আগের দিন সেলিমের আইনজীবী শাহীনুর ইসলাম অনির জিম্মায় আদালতে হাজির করার প্রতিশ্রুতি দিয়ে বুধবার (১২ অক্টোবর) শুনানির দিন রেখেছিল আদালত।

গত ১ অগাস্ট দুদক তার বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে মামলা করলে গ্রেপ্তার এড়াতে হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন সেলিম। এরপর ১৪ সেপ্টেম্বর তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল হাই কোর্ট।

কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি গত ২০ সেপ্টেম্বর হাই কোর্টের আদেশ স্থগিত করে। সেই সঙ্গে সেলিমকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আবেদন করার নির্দেশ দেয়।

বুধবার শুনানি শেষে আদালত সেলিম খানের বিষয়ে মামলার আগে দুদক যে অনুসন্ধান করেছিল, সেই প্রতিবেদন দেখতে চান। দুদকের আইনজীবীরা অনুসন্ধান প্রতিবেদন আদালতে দাখিল করেন। আসামি সেলিম খানও আদালতে হাজির হন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ হয়।

দুদকের সহকারী পরিচালক আতাউর রহমানের করা মামলায় বলা হয়, সেলিম খান অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তার ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করে’ নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের ‘তথ্য গোপন’ করেছেন। সেলিম খান যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে এই অসঙ্গতি পাওয়া গেছে।

সেলিম খানের অনেক স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য এবং বিদেশে সম্পদ পাচারের তথ্য পাওয়ার কথা জানিয়ে তার বিদেশ যাওয়া ঠেকাতে দুদক আদালতে আবেদন করেছিল। তাতে সাড়া দিয়ে সেলিম খানের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও দেয় আদালত।

ইউপি চেয়ারম্যান সেলিম খান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ারও কর্ণধার। গত বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ১০০টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর দুদক অনুসন্ধানে নামে।