মোশতাককে শ্রদ্ধা: অধ্যাপক রহমতের মামলার আবেদন খারিজ
মামলার আবেদনে বলা হয়,অধ্যাপক রহমত উল্লাহ তার বক্তব্যে “বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতি তার ব্যক্তিগত সীমাহীন ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মুহাম্মদ সামাদসহ তিনজনের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. রহমত উল্লাহর মানহানির অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত।
সোমবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে তিনি মামলার আরজি নিয়ে গেলে বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রাখেন।
পরে আবেদনটি খারিজ করে দেওয়া হয় বলে জানান, ট্রাইবুনালের পেশকার শামীম আল মামুন এবং বাদীর আইনজীবী আমিনুল গণী টিটো।
উপ-উপাচার্য ড.মুহাম্মদ সামাদ ছাড়াও বিবার্তা টোয়েন্টিফোর ডট নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি এবং প্রতিবেদক মহিউদ্দিন রাসেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় তিনি অভিযোগ করেছিলেন।
আরজিতে বলা হয়, গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনাসভায় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রহমত উল্লাহ।
সেখানে বক্তব্য দিতে গিয়ে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে খন্দকার মোশতাক আহমদের প্রতিও ‘শ্রদ্ধা’ জানিয়েছেন বলে অভিযোগ ওঠে।
তবে মামলার আবেদনে বলা হয়,রহমত উল্লাহ তার বক্তব্যে “বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতি তার ব্যক্তিগত সীমাহীন ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন।”
বক্তব্যের প্রকৃত সত্য জেনেও মোশতাক আহমেদকে শ্রদ্ধা জানিয়েছেন মর্মে মিথ্যাচার করে ড. মুহাম্মদ সামাদ ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে সভার সভাপতিকে প্রভাবিত করেন বলে আবেদনে বলা হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।
আবেদনে বলা হয়, বাদীর মানহানির চেষ্টায় তার ব্ক্তব্যের উদ্ধৃতি কোনো পত্রিকায় সরবরাহ না করে কেলমাত্র অধ্যাপক সামাদের ‘কথিত প্রতিবাদের’ বিষয়টি খণ্ডিতভাবে প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়।
এতে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়। প্রকৃত সত্য না জেনে অভিযুক্তদের প্ররোচনায় বাদীকে হুমকি দেওয়াসহ তার কুশপুত্তলিকা দাহ করা হয়। বিশ্ববিদ্যালয় এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করা হয়।
আরও খবর
