ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে নিয়ম মেনে চলার অনুরোধ পুলিশের
প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমে অথবা জাতীয় জরুরি সেবায় ফোন করতে বলা হয়েছে।
কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, আর পশু নিয়ে ঢাকায় আসছেন ব্যবসায়ীরা।
এই সময়ে সড়কে নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের তরফে বেশ কিছু নিয়ম মেনে চলার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
হাটে ট্রাক থেকে গরু নামানোর ও বিক্রির সময়ে সংশ্লিষ্ট সড়ক-মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা যেন ব্যহত না হয়
নৌপথে ট্রলারের মাধ্যমে রাজধানীতে আসা কোরবানির পশু যেন সুশৃঙ্খলভাবে নির্ধারিত হাটে যেতে পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি রাখা
গরুর হাটকেন্দ্রিক স্বাচ্ছন্দ্য যাতায়াতের জন্য পার্কিং এর সুব্যবস্থা নিশ্চিত করা; যেখানে-সেখানে যাতে কোরবানির পশুর হাট না বসে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক থাকে তা নিশ্চিত করা
পশুবাহী গাড়ি অবশ্যই সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটের ভেতর নিয়ে নামাতে হবে
হাটকেন্দ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে প্রয়োজনীয় সমন্বয় করা
টার্মিনাল ও পশুরহাট কেন্দ্রিক সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা
টার্মিনালকেন্দ্রিক যাত্রী উঠানামা টার্মিনালের ভেতর হতে হবে
ঢাকা মহানগরী হতে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে
আন্তঃজেলা পরিবহনের অপেক্ষমান যাত্রীদের টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে
যাত্রী তোলার ক্ষেত্রে বাস চালকরা এমন কোন অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যাতে সড়কের শৃঙ্খলা বিঘ্ন ঘটে ও জীবনহানির শঙ্কা থাকে
টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে
ঈদের আগের তিনদিন কোনও ভারী যানবাহন যেন ঢাকা মহানগরীতে না ঢুকে, সে বিষয়ে দৃষ্টি আরোপ করা
ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং বিমানবন্দর কেন্দ্রিক রুটগুলো চলাচল উপোযোগী রাখতে সচেষ্ট থাকা
মোটর সাইকেলের চালক ও আরোহীদের চলাচলের সময় অবশ্যই হেলমেট পরতে হবে
রুট পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে
প্রধান প্রধান ঈদ জামাত কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমে (০১৭১১-০০০৯৯০) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার জন্য অনুরোধ করেছে ডিএমপি।
