কারাগারে চিকিৎসক নিয়োগ: বিধিমালা চূড়ান্ত করতে এক মাস সময়
আগামী এক মাসের মধ্যে তিনটি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।
সারাদেশে আট বিভাগে কেন্দ্রীয়, জেলা ও নারী কারাগারে ১৪১টি চিকিৎসক পদের বিপরীতে ১৩৮ জনকে নিয়োগ দেওয়ার কথা হাই কোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষ।
আগামী এক মাসের মধ্যে বাকি তিনটি পদেও চিকিৎসক নিয়োগ দিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।
ওই সময়ের মধ্যেই কারাগারে চিকিৎসক নিয়োগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ‘ডাক্তার নিয়োগ বিধিমালা’ চূড়ান্ত করতে বলেছেন হাই কোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
রিটকারী পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। কারা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।
আইনজীবী রবিন বলেন, চিকিৎসক নিয়োগ ও বিধিমালা চূড়ান্ত করতে কারা অধিদপ্তর আরও তিন মাস সময় চেয়েছিল। আদালত এক মাস সময় দিয়েছে।
২০১৯ সালে রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। এর পরিপ্রেক্ষিতে তখন আদালত কারাগারে চিকিৎসক নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে রুল জারি করে।
সেইসঙ্গে কারাগারের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসক নিয়োগসহ কারাগারের সার্বিক অবস্থা নিয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। কারা কর্তৃপক্ষ প্রতিবেদন দিয়ে কারাগারে ২৪ জন চিকিৎসক থাকার কথা জানায়।
২০২০ সালের ২০ জানুয়ারি হাই কোর্ট শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়।
এই রিট আবেদনের সংযুক্তিতে গত ১৩ ডিসেম্বর একটি প্রতিবেদন হাই কোর্টে উপস্থাপন করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৮ কারাগার এবং কারা হাসপাতালে ১৪১টি চিকিৎসকের পদের বিপরীতে প্রেষণে ও সংযুক্ত মিলিয়ে মোট ৯৩ জন চিকিৎসক রয়েছে। এরপর আদালত শূন্য পদগুলোতে অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়ে অগ্রগতি জানাতে বলেন। এর ধারাবাহিকতায় রিট মামলাটি নতুন করে কার্যতালিকায় আসে।
৬ জুন এ বিষয়ে শুনানিতে হাই কোর্ট কারাগারে চিকিৎসক নিয়োগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ‘ডাক্তার নিয়োগ বিধিমালা’ চূড়ান্ত করতে নির্দেশ দেয়। আর স্বাস্থ্য অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষকে শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগের অগ্রগতি জানিয়ে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
সেই প্রতিবেদন দাখিলের পর বাকি শূন্য পদ পূরণ এবং বিধিমালা চূড়ান্ত করতে আরও এক মাস সময় দিল হাই কোর্ট।
পুরনো খবর
এর আগে গত ৬ জুন কারাগারে চিকিৎসক নিয়োগ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ‘ডাক্তার নিয়োগ বিধিমালা’ চূড়ান্ত করতে বলেছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষকে শূন্যপদে কারা চিকিৎসক নিয়োগের অগ্রগতিও জানাতে বলা হয়েছিল।ওইদিন জানানো হয়, ১২৫ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তখন আদালত এক মাসের মধ্যে বাকি চিকিৎসক নিয়োগ দিতে বলেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানিতে ওঠে।
এরও আগে গত ১৩ ডিসেম্বর একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৮ কারাগার এবং কারা হাসপাতালে ১৪১টি চিকিৎসকের পদের বিপরীতে প্রেষণে ও সংযুক্ত মিলিয়ে মোট ৯৩ জন চিকিৎসক রয়েছেন। এরপর আদালত শূন্য পদগুলোতে অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়ে অগ্রগতি জানাতে বলেন। এভাবে পর্যায়ক্রমে মামলার শুনানি চলছে।২০১৯ সালে রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। তখন আদালত কারাগারে চিকিৎসক নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে রুল জারি করেছিলেন। সেই সঙ্গে কারাগারের চিকিৎসাব্যবস্থা, চিকিৎসক নিয়োগসহ কারাগারের সার্বিক অবস্থা নিয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
পরে কারা কর্তৃপক্ষ প্রতিবেদন দিয়ে কারাগারে ২৪ জন চিকিৎসক থাকার কথা জানায়। পরে ২০২০ সালের ২০ জানুয়ারি হাইকোর্ট শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন।
