চুক্তিতে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফী বিনতে শামস
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই সাবেক কর্মকর্তাকে দুই বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালনের পর অবসরোত্তর ছুটিতে থাকা মাশফী বিনতে শামসকে চুক্তিতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর করেছে সরকার।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে দুই বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি এবং সেই সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে তাকে দুই বছরের জন্য রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা মাশফী বিনতে সামস সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত ডিসেম্বরের ১৭ তারিখ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।
সচিব হিসাবে সদরদপ্তরে ফেরার আগে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অগাস্ট পর্যন্ত নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন মাশফী।
কূটনৈতিক ক্যারিয়ারে নয়া দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের দায়িত্ব পালন করা মাশফী ব্যাংকক ও রোম মিশনে বিভিন্ন পদে ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ছিলেন তিনি। বিভিন্ন পদে ছিলেন ফার ইস্ট, বাজেট এবং সার্ক প্রভৃতি অনুবিভাগে।
বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মাশফী বিনতে শামস।
পুরোনো খবর:
