নেপালে দূতাবাস প্রাঙ্গণে ২৩ বাংলাদেশির জানাজা
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এ পর্যন্ত যে ২৩ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে, তাদের জানাজা হয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে।
বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে ওই ২৩ বাংলাদেশির কফিন ঢাকায় নিয়ে আসা হবে।
সোমবার বেলা দেড়টা থেকে ২টার মধ্যেই বিমানটি ঢাকা পৌঁছাতে পারবে বলে আশা করছেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির মধ্যে আরও একজনের লাশ শনাক্ত করা হয়েছে, তবে নেপালি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
নেপালে অবস্থানরত বাংলাদেশ চিকিৎসক দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক সোহেল মাহমুদ এর আগে জানিয়েছিলেন, চিহ্ন দেখে বা অন্যভাবে ওই তিনজনকে শনাক্ত করা না গেলে ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।
নেপাল কর্তৃপক্ষ ২৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশ দূতাবাসকে বুঝিয়ে দেওয়ার পর কফিনগুলো সকালে নিয়ে আসা হয় কাঠমান্ডুতে দূতাবাস প্রাঙ্গণে। সেখানেই সকাল সাড়ে ৮টার পর জানাজা হয়।
নেপালে বসবাসরত বাংলাদেশি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং ইউএস-বাংলার উপস্থিত কর্মকর্তারা জানাজায় অংশ নেন।
যে ২৩ জনের মরদেহ দেশে আসছে, তাদের মধ্যে পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ এবং কেবিন ক্রু খাজা হোসেন মো. শফি ও শারমিন আক্তার নাবিলা রয়েছেন।
ওই দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে আলিফুজ্জামান, পিয়াস রায় ও নজরুল ইসলামের মরদেহ রোববার পর্যন্ত শনাক্ত করা বাকি ছিল। তাদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানালেও তার নাম বলেননি রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
তিনি জানান, নেপালে থাকা নিহতদের স্বজনদের নিয়ে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ সকালেই ঢাকায় ফিরছে।
রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। ছবি: সময় টিভির স্ক্রিনশট
ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে যে দুজন এখনও কাঠমান্ডুর হাসপাতালে আছেন, তাদের মধ্যে কবির হোসেনকে ইউএস-বাংলার ওই ফ্লাইটেই দেশে পাঠানো হবে। কাঠমান্ডতে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসকরাও একই সঙ্গে ফিরবেন।
আর নরভিক হাসপাতালে থাকা ইয়াকুব আলীকে চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার সকালেই তার ফ্লাইট ছাড়ার কথা রয়েছে বলে রাষ্ট্রদূত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক আলমগীর কবির জানান, সোমবার বিকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে কফিনগুলো পৌঁছাবে।
মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের ওই সময়ই উপস্থিত থাকতে বলা হয়েছে।
ইউএস বাংলার জনসংযোগ শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় পৌঁছানোর পর আর্মি স্টেডিয়ামে ২৩ জনের নামাজে হবে। পরে সেখানেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
