গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ঢাকার সাভারের, অন্যজন ময়মনসিংহের ত্রিশালের।
জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ সংস্থাটির উপ-সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
আসামিরা হলেন- গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের জয়মন্ডপ সিংগাইর শাখার সাবেক ব্যবস্থাপক এবং ঢাকার সাভারের কাউন্দিয়া শাখার বর্তমান ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার, ব্যাংকটির ময়মনসিংহের ত্রিশালের খাশ কাউলিয়া চৌহালী শাখার ব্যবস্থাপক মো. ছোলাইমান, চট্টগ্রাম মিরসরাইয়ের জোরারগঞ্জের দুই বাসিন্দা সাহাবুদ্দিন ও রতন কৃষ্ণ দে।
মামলার এজাহার বলা হয়, ময়মনসিংহের গ্রামীণ ব্যাংকের একটি শাখা থেকে রতন কৃষ্ণ দে এবং সাহাবুদ্দিন পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জাল নথি তৈরি করে শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন তালুকদার ও কর্মকর্তা ছোলাইমানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
