২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ

ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়; বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:07 PM

Updated : 29 Sep 2026, 05:06 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ‘ভবঘুরে’ এক বৃদ্ধের লাশ উদ্ধারের ছয়দিন পর আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শাহবাগ থানার এসআই মো. আল-মামুন জানিয়েছেন।

তিনি বলেন, “খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“আমরা জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টারের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। আমরা নাম-পরিচয় এখনো জানতে পারিনি, তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এসআই বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়। বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’। ‘অসুস্থতাজনিত কারণে’ তাদের মৃত্যুর কথা বলছে পুলিশ।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে আনুমানিক ৬০ বছর বয়সি একজনের লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই পাশেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে ৭০ বছর বয়সি আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

তার আগে ১৪ সেপ্টেম্বর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ‘মাদকাসক্ত ও ভবঘুরে’ বলে স্থানীয় লোকজনের বরাতে বলেছিল পুলিশ।

গত ১৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে ‘ভবঘুরে’ আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারীরও পরিচয় জানতে পারেনি পুলিশ।

তার আগের দিন, অর্থাৎ ১২ জুলাই ঢাকা মেডিকেল ও পাশের আনন্দবাজার এলাকা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, যাদের সবাই ‘ভবঘুরে’ বলে তখন দাবি করে পুলিশ।

পুরানো খবর:

ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে ২ বৃদ্ধের লাশ উদ্ধার
বার্ন ইনস্টিটিউটের সামনে পড়ে ছিল লাশ, পরিচয় খুঁজছে পুলিশ
ঢাকা মেডিকেল এলাকা থেকে ‘ভবঘুরে’ আরো একজনের লাশ উদ্ধার