Published : 13 Jul 2026, 09:23 PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে ‘ভবঘুরে’ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ওই বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
ওই নারীর নাম-পরিচয় মেলেনি, বয়স আনুমানিক ৩০।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শাহবাগ থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে আসা হাসপাতালটির ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, “জরুরি বিভাগের পেছনে এক মহিলাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ নিয়ে গত দুই দিনে ঢাকা মেডিকেল ও সংলগ্ন এলাকা থেকে চারজন ‘ভবঘুরে’ ব্যক্তির লাশ উদ্ধার করা হল। জুন মাসে একই এলাকা থেকে অন্তত সাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, কিছুদিন ধরে ওই এলাকায় একটি সংস্থা ভবঘুরেদের জন্য দুই বেলা খাবার বিতরণ করছে। যার কারণে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে ব্যক্তিরা আসছেন।
গত রোববারও ঢাকা মেডিকেল ও পাশের আনন্দবাজার এলাকা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, যাদের সবাইকে ‘ভবঘুরে’ বলছে পুলিশ।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “গত কয়েক দিনের বৃষ্টিতে খুবই নাজুক স্বাস্থ্যের (ভবঘুরে) অনেকেই ভিজে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার কারণে পরপর এরকম কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”