২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে ২ বৃদ্ধের লাশ উদ্ধার

দুজনেই ‘ভবঘুরে প্রকৃতির’ ছিলেন, বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:17 PM

Updated : 23 Sep 2026, 09:17 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেলের সামনে থেকে বুধবার দুপুরে এবং বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে বিকালে তাদের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

তাদের পরিচয় মেলেনি। বয়স আনুমানিক ৬০-৭০ বছর।

শাহবাগ থানার এসআই মো. লিটন বলেন, বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিটন বলেন, তিনি ‘ভবঘুরে প্রকৃতির’ ছিলেন। দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই থাকছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

আরেকজনের লাশ উদ্ধারের ব্যাপারে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, এ হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে হাবিবুর বলেন, তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।