২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ফুড সিস্টেম সম্মেলনে যান শেখ হাসিনা; ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 02:52 AM

Updated : 27 Jul 2023, 09:23 AM

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে ‘ফুড সিস্টেম’ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রথম প্রহরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান।

এর আগে বাংলাদেশ সময় বুধবার দুপুর পৌনে ২টায় ফ্লাইটটি রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে। কাতারের দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রা বিরতির পর রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছায় ফ্লাইটটি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ব্যবস্থা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) সম্মেলনে যোগ দিতে গত ২৩ জুলাই ইতালির রোমে যান।

পরদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন।

একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন।

পুরনো খবর:

টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিতে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
বাংলাদেশি কর্মীদের বৈধ অভিবাসনে গুরুত্ব ইতালির প্রধানমন্ত্রীর
Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া ইতালির তিন মন্ত্রী- কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী এফএও সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এএফও এর মহাপরিচালক কু ডংইউ, ইন্টারন্যাশনাল ফান্ড অব এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি হেনসলি ম্যাককেইনও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

২৫ জুলাই প্রধানমন্ত্রী ইউরোপের ১৫টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘আঞ্চলিক দূত সম্মেলনে’ যোগ দেন।

এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘জ্বালানি সহযোগিতা’ ও ‘সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি’ শীর্ষক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়।

শেখ হাসিনা ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন।