১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি কর্মীদের বৈধ অভিবাসনে গুরুত্ব ইতালির প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের কর্মীদের প্রশংসা করে বলেন, ‘তাদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আছে’।

বাংলাদেশি কর্মীদের বৈধ অভিবাসনে গুরুত্ব ইতালির প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 01:36 AM

Updated : 26 Jul 2023, 01:41 AM

অবৈধ অভিবাসনকে বাংলাদেশও নিরুৎসাহিত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি অবৈধ অভিবাসনের বিষয়ে শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী।

মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় পালাজ্জো চিগিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে বাসস জানিয়েছে।

শেখ হাসিনা এও বলেছেন, নথিভুক্ত ও অনথিভুক্ত উভয় ধরনের বাংলাদেশি দুই দেশের কল্যাণে কাজ করছে।

অপরদিকে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী তার দেশে বাংলাদেশিদের বৈধ অভিবাসনে গুরুত্ব দেন।

দ্বিপক্ষীয় এ বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলাদেশের কর্মীরা এখানে খুব ভালো কাজ করছে। তাদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আছে। তবে আমি অবৈধ শ্রমিক চাই না।”

জর্জিয়া মেলোনি বলেন, তারা চান না অবৈধ বাংলাদেশিরা ইতালিতে থাকুক, কারণ স্থানীয়রাও তা চায় না।

মোমেন বলেন, “তারা বাংলাদেশের জন্য বৈধ উপায়ে জনশক্তি পাঠানোর দরজা খুলে দিয়েছে।”

অন্য দেশ থেকে অবৈধ পথে ইতালিতে আসা অভিবাসী বাংলাদেশিদের আটকাতে বাংলাদেশের তরফে ইতালীয় কর্তৃপক্ষকে বলা হয়েছে।

ইতালির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি জর্জিয়া মেলোনিকে বলেন, সরকার বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৯টি হাই-টেক পার্কের উন্নয়ন করছে।

“আপনি চাইলে আমি আপনার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থা করব।”

জর্জিয়া মেলোনি বলেন, ইতালি ও বাংলাদেশ যৌথ সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য জোরদার করতে পারে।

শেখ হাসিনা বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানি প্রক্রিয়া সহজ করতে ইতালির প্রতি আহ্বান জানান। জবাবে ইতালির তরফে যথেষ্ট আগ্রহ দেখানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতালিকে সমর্থন অব্যাহত রাখতে বলেন শেখ হাসিনা। তিনি ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে জর্জিয়া মেলোনি বলেন, অবশ্যই তিনি বাংলাদেশ সফর করবেন।

বৈঠকে শেষে এমওইউ সইয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সহযোগিতা সমঝোতা স্মারক এবং ৫ বছরের সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারক বিনিময় করেন।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাজ্জো চিগিতে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।