২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুলা জ্বালানোর আগে তিতাসের ১৫ মিনিটের সাবধানবাণী

দুদিন আগেই গ্যাসের ‘চাপ বেড়ে’ ঢাকার বিভিন্ন স্থানে গন্ধ ছড়িয়ে আতঙ্ক তৈরি করেছিল।

চুলা জ্বালানোর আগে তিতাসের ১৫ মিনিটের সাবধানবাণী

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 08:25 PM

Updated : 26 Apr 2023, 11:03 PM

রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইন থেকে গ্যাস ছড়িয়ে পড়ার পর এবার গ্যাস বিতরণ সংস্থা তিতাস থেকে এসেছে সতর্কবার্তা।

দুর্ঘটনা এড়াতে সকালে ঘরের দরজা, জানলা খুলে ১৫ মিনিট অপেক্ষার পর চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

যে কোনো প্রয়োজনে হটলাইনে (১৬৪৯৬) কল করতেও বলা হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় এই সতর্কবার্তা দিয়ে একটি পোস্ট দেওয়া হয়।

এতে বলা হয়, “রান্না ঘরের চুলা জ্বালানোর পূর্বে দরজা জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন। যে কোনো প্রয়োজনে তিতাস হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করুন -তিতাস কর্তৃপক্ষ।”

গত সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ঝাঁঝাল গন্ধ পাওয়ার খবর ফায়ার সার্ভিসকে ফোন করতে থাকেন নগরবাসী। কয়েক ঘণ্টার বিভ্রান্তির পর মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় মধ্যরাতে আসে বিশেষ ঘোষণা।

পুরনো খবর:

ঢাকায় গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে অনুরোধ মন্ত্রণালয়ের

তাতে বলা হয়েছিল, “ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।”

পরদিন সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার বার্তা দেওয়া হলেও তার ২৪ ঘণ্টা পর এই সাবধান বাণী এল।

কেন এমন বার্তা- এই প্রশ্নে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন রশিদ মোল্লাহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসচেতনতা বাড়ানোর জন্য তিতাস এ ধরনের বিজ্ঞপ্তি নিয়মিত দেয়।

“যারা ঈদের ছুটিতে বাড়িতে গেছেন, অনেকে ফিরেই চুলা জ্বালাবেন। চুলা জ্বালানোর আগে যেন ১৫ মিনিট দরজা, জানালা খুলে অপেক্ষা করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমে যায়।”