১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রামিসা হত্যা: যে কারণে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, আর স্বপ্না খালাস

“সোহেল রানা অপরাধটি করেননি—এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 02:54 PM

Updated : 17 Nov 2026, 03:03 PM

ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। আর তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করে।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে নিজের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কথা তিনি বলেননি। শুধু বলেছেন, তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিচারক ভীষ্মদেব চক্রবর্তী বলেন, ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আট নম্বর সাক্ষীর সাক্ষ্য এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ চিকিৎসক ১৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যে সমর্থিত হয়েছে। এসব সাক্ষ্য-প্রমাণে আদালত নিশ্চিত হয়েছেন, হত্যাকাণ্ডটি সোহেল রানাই করেছেন এবং ধর্ষণের ঘটনাটিও তার মাধ্যমেই সংঘটিত হয়েছে।

পর্যবেক্ষণে বলা হয়, সোহেল রানা অপরাধটি করেননি—এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই। অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক পন্থায় সংঘটিত। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। তাই তার মৃত্যুদণ্ড কমানোর কোনো কারণ আদালত দেখেননি। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি বলে মনে করেন আদালত।

যে কারণে স্বপ্না খালাস

ট্রাইব্যুনাল সোহেল রানাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় দোষী সাব্যস্ত করেন। ৯ (২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে, ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রাখা হয়েছে।

তবে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন—এমন কোনো বক্তব্য নেই বলে রায়ে বলেছে হাই কোর্ট। পর্যবেক্ষণে এও বলা হয়, অন্য সাক্ষীর মাধ্যমেও স্বপ্না খাতুনের ‘কার্যকরী’ কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ঘটনার সময় রাত ১১টার দিকে স্বপ্না খাতুনকে কক্ষের ভেতরে পাওয়া গেলেও কেবল এ কারণে ৯(২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে মনে করে হাই কোর্ট।

স্বামী সোহেল রানাকে অপরাধ সংঘটনে স্বপ্না খাতুন নিষ্ক্রিয়তার মাধ্যমে সহায়তা করেছেন—অ্যাটর্নি জেনারেলের এ যুক্তিও গ্রহণ করেনি হাই কোর্ট।

বিচারক বলেন, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী, স্বপ্না খাতুন কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছিলেন এবং তার স্বামী কী করেছেন, তা প্রথম সাক্ষীকে (বাবা) জানিয়েছিলেন।

ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিল। তবে হাই কোর্ট বলেছে, ওই ধারার বিধান পর্যালোচনায় স্বপ্না খাতুনের ক্ষেত্রে তা প্রযোজ্য হওয়ার কোনো ভিত্তি পাওয়া যায়নি।

দণ্ডবিধির ২০১ ধারার শেষাংশে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্যে অপরাধ সম্পর্কে জেনেশুনে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি রয়েছে।

পর্যবেক্ষণে বলা হয়, এখানে ওই উদ্দেশ্য বলতে অপরাধের প্রমাণ বিলুপ্ত করার উদ্দেশ্য বোঝানো হয়েছে। কিন্তু স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এমন কোনো অভিযোগ আনেনি। এমনকি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো অভিযোগ নেই।

স্বপ্না খাতুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে খালাস দিয়ে বিচারক বলেন, অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

একদিনে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ নিয়ে প্রশ্ন

রায়ের শেষাংশে জজ আদালতের বিচারপ্রক্রিয়া নিয়েও পর্যবেক্ষণ দেয় হাই কোর্ট।

বিচারক বলেন, অপ্রাপ্তবয়স্ক শিশুকে নৃশংস ও অমানবিকভাবে হত্যার মতো মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে ‘জাস্টিস হারিড, জাস্টিস বেরিড’—অর্থাৎ তাড়াহুড়ো করে বিচার করতে গেলে ন্যায়বিচার ব্যাহত হয়—এই নীতির কথা মনে রাখতে হবে।

এ ধরনের মামলার বিচার যুক্তিসংগত সময়ের মধ্যে শেষ করতে হবে, তবে তাড়াহুড়ো করে নয় বলে মন্তব্য করে হাই কোর্ট।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারক হয়তো দ্রুত বিচার শেষ করার বিষয়ে দক্ষ ছিলেন। তবে এত দ্রুত বিচার শেষ করার প্রচেষ্টা সমীচীন নয়।

‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’—প্রবাদ উল্লেখ করে পর্যবেক্ষণে বলা হয়, যদিও এ মামলায় ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেনি, কিন্তু একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্বাভাবিক (আনইউজুয়াল) মনে করে আদালত । এতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়ই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি হতে পারে।

পরে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিকে সহজে শনাক্ত ও গ্রেপ্তার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং শক্তিশালী আলামত থাকায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হয়েছে।”

একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্বাভাবিক হলেও এ মামলার বিচারে কোনো পক্ষের ওপর বিরূপ প্রভাব পড়েনি বলে তিনি মনে করেন।

এ ছাড়া মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও নির্দেশনা ছিল বলে জানান ইজাজ কবির।