ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
শিশুটির বাসারই আলাদা একটি কক্ষে ওই ব্যক্তি থাকেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর সেই ব্যক্তি পলাতক।
ঢাকার মুগদায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী ৪২ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই টিটো মিয়া এখনও ধরা পড়েননি।
মুগদা থানার এসআই আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে শিশুটির মা থানায় মামলা করেন। পরে বুধবার রাতে পুলিশ শিশুটির চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
শিশুটির মায়ের বরাত দিয়ে এসআই আহসান উল্লাহ বলেন, ঘটনাটি ঘটে গত ১ জুলাই। শিশুটি ভয়ে প্রথমে কিছু না বললেও পরে মায়ের কাছে সব খুলে বলে।
শিশুটির মা জানিয়েছেন, তারা যে বাসায় থাকেন, সেই বাসারই আলাদা একটি কক্ষে টিটো মিয়া থাকেন। ওই ব্যক্তি তার কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
