ঢাকায় লো মেরিডিয়ান হোটেলে অগ্নিকাণ্ড
১৭ তলা হোটেলটির নিচতলায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নেভানো হয়।
ঢাকার কুর্মিটোলায় পাঁচ তারা হোটেল লো মেরিডিয়ানে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার দুপুরে ১৭ তলা ভবনের নিচ তলায় আগুন লাগলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
কীভাবে আগুন লাগল- জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, নিচতলার ময়লা রাখার জায়গায় আগুন লেগেছে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।”
আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লো মেরিডিয়ানে ৩০৪টি গেস্টরুম ও সুইট ছাড়াও রয়েছে ছয়টি রেস্তোরাঁ, দুটি ব্যাংকুয়েট হল ও ছয়টি মিটিং রুম।
বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন এই হোটেলটি পরিচালনায় রয়েছে আন্তর্জাতিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।
