শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন
বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় জাপানসহ ১৯টি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনের রাষ্ট্রদূতরা মঙ্গলবার সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা।
এসময় রাষ্ট্রদূতরা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অভিনন্দন বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেন।
প্রেস উইং জানায়, তারা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূতরা।
তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা দেওয়ায় সব বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদেরকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা।
এদিন ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরাও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিাকে অভিনন্দন জানান।
নির্বাচনে বিজয়ে এর আগে সোমবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত, রাশিয়াসহ ১১টি দেশের দূতরা।
