জুম্মান সিদ্দিকীর তালিকাভুক্তি: হাই কোর্টের রায় স্থগিতই থাকল
বিদেশের হাই কোর্টে নিয়োজিত থাকলে দেশে এসে সরাসরি হাই কোর্টে আইন পেশায় যুক্ত হওয়ার সুযোগ চ্যালেঞ্জ করা হয়েছে এ মামলায়।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের আইনজীবী হিসেবে মোহাম্মদ জুম্মান সিদ্দিকী নামের একজনকে তালিকাভুক্ত করে বাংলাদেশ বার কাউন্সিলের জারি করা গেজেটের বৈধতা দিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।
এ বিষয়ে রিটকারীদের লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বেঞ্চ রোববার হাই কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রেখে এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। মোহাম্মদ জুম্মান সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী তানিয়া আমীর।
পরে আইনজীবী অনীক আর হক সাংবাদিকদের বলেন, “হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। ৪ সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ দিতে বলেছেন। পাশাপাশি আপিলটি শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন রাখা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাই কোর্টের রায় স্থগিত থাকবে।”
বাংলাদেশে আইনজীবী পেশায় নিয়োজিত হতে আইনের ডিগ্রি পাওয়ার পর বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্তি) পরীক্ষায় (এমসিকিউ-লিখিত-মৌখিক) উত্তীর্ণ হতে হয়। ব্যারিস্টার মোহাম্মদ জুম্মান সিদ্দিকী দুইবার বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি।
কিন্তু বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস ১৯৭২ অনুযায়ী বিদেশে হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন- এমন ব্যক্তিরা সরাসরি দেশের হাই কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত হতে পারেন। তবে সেজন্য সরকারের গেজেট প্রয়োজন হয়।
এই সুযোগ নিয়ে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাই কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করে বার কাউন্সিল। তাকে অনুমতি দেওয়ার গেজেট ওই বছরের ৩১ অক্টোবর জারি করা হয়।
ওই গেজেট চ্যালেঞ্জ করে তখন রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান। সরাসরি হাই কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে বার কাউন্সিলের বিধানটি সেখানে চ্যালেঞ্জ করা হয়।
এরপর প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৮ ডিসেম্বর গেজেটের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করে হাই কোর্ট। পরে শুনানি শেষে ২০২০ সালের ৮ নভেম্বর রুল খারিজ করে রায় ঘোষণা করে উচ্চ আদালত।
রায়ে রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। হাই কোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে ২০২০ সালের ৯ নভেম্বর আপিল বিভাগে আবেদন করেন রিটকারী দুই আইনজীবী।
পরে একই বছরের ১১ নভেম্বর হাই কোর্টের রায় স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে তারা লিভ টু আপিল দায়ের করেন। শুনানি শেষে রোববার সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দিল।
