আইনজীবী জুম্মান সিদ্দিকীর তালিকাভুক্তির গেজেট হাই কোর্টে স্থগিত
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের আইনজীবী হিসেবে মোহাম্মদ জুম্মান সিদ্দিকী নামের একজনকে তালিকাভুক্ত করে বাংলাদেশ বার কাউন্সিলের জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত করেছে হাই কোর্ট।
সেইসঙ্গে ওই গেজেট কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টেরই দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
বার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। মোহাম্মদ জুম্মান সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর উল ইসলাম ।
আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
পরে কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, “আদালতের আজকের এই আদেশের ফলে জুম্মান সিদ্দিকী আপাতত হাই কোর্টে ওকালতি করতে পারবেন না।”
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আইনের ডিগ্রিধারী জুম্মান সিদ্দিকী নিউ জিল্যান্ড হাই কোর্টের প্র্যাকটিশনার। তিনি বাংলাদেশের হাই কোর্ট বিভাগের একজন বিচারপতির ছেলে।
এর আগে হাই কোর্টের চারটি বেঞ্চ গত ২১ ও ২৮ নভেম্বর এবং ১১ ও ১৫ ডিসেম্বর রিট আবেদনটির ওপর শুনানি করতে অপরাগতা প্রকাশ করেছিল।
সর্বশেষ গত ১৫ ডিসেম্বর বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে সম্মত হয়। এর ধারাবাহিকতায় শুনানি শেষে বুধবার আদেশ দেয় আদালত।
বাংলাদেশে আইনজীবী পেশায় নিয়োজিত হতে আইনের ডিগ্রি পাওয়ার পর বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্তি) পরীক্ষায় (এমসিকিউ-লিখিত-মৌখিক) উত্তীর্ণ হতে হয়। ব্যারিস্টার মো. জুম্মান সিদ্দিকী দুইবার বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি।
কিন্তু কাউন্সিলের (বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস ১৯৭২) অনুযায়ী বিদেশে হাই কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন এমন ব্যক্তিরা দেশের হাই কোর্টে সরাসরি আইনজীবী হিসেবে সরকারের দেওয়া গেজেটে প্র্যাকটিস করতে পারেন।
এই সুযোগ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাই কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত করে বার কাউন্সিল। এ অনুমতির গেজেট ৩১ অক্টোবর জারি করা হয়।
ওই গেজেট চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান। সরাসরি হাই কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে বার কাউন্সিলের বিধানটি সেখানে চ্যালেঞ্জ করা হয়।
