আদম তমিজী হক কারাগারে
গ্রেপ্তারের পর আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তমিজীকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল।
সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে মাদক নিরাময় কেন্দ্র থেকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে মহানগর হাকিম তাহমিনা হক শুনানি শেষে এ আদেশ দেন। আদম তমিজীর জামিন শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ঠিক করে দিয়েছেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোশাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম এদিন রিহ্যাব সেন্টার থেকে আদালতে হাজির করেন আদম তমিজীকে।
ফেইসবুক লাইভে এসে পাসপোর্ট ছিড়ে ফেলাসহ অসংলগ্ন নানা আচরণে তুমুল আলোচিত বিস্কুট কোম্পানি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গত ১০ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সে সময় বলেছিলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় তার নামে পরোয়ানা রয়েছে। সব মিলিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত কয়েক বছরে নানা কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসা তমিজী এবারের আলোচনার সূত্রপাত ঘটান গত সেপ্টেম্বরে।
সে সময় তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ তোলেন। এর জবাবে প্রতিমন্ত্রী বলেছিলেন, নির্বাচন সামনে রেখে এটা তার বিরুদ্ধে একটি ‘চক্রান্ত’।
তখন ফেইসবুক লাইভে এসে নানা কথায় ক্ষোভ ঝাড়েন তমিজী; এমনকি তার বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়।
ফেইসবুক লাইভে অসংলগ্ন কথাবার্তা ও আচরণ, স্ত্রীকে নির্যাতন, একাধিক বিয়েসহ নানা ঘটনায় তাকে নিয়ে জল্পনা কল্পনা বাড়তেই থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সম্পর্কেও বিভিন্ন ধরনের মন্তব্য করে দলে রোষের মুখে পড়েন। আওয়ামী লীগ তাকে স্থায়ীভাবে বহিষ্কারও করে।
এসব কর্মকাণ্ড নিয়ে গত ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।
সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন তমিজী। তিনি জনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ, মিথ্যা আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচারের মাধ্যমে ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’ দিয়ে আসছেন।
গত সেপ্টেম্বরে নিজের পাসপোর্ট পুড়িয়ে ফেলার সময় এক ফেইসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে হাতজোড় করে ক্ষমা চান আদম তমিজী। তিনি বলেন, “শেখ হাসিনা আমার মা।” বাংলাদেশে আর আসবেন না বলেও ঘোষণা দেন।
স্ত্রী সাইরা সিদ্দিকী তানহাও গত অক্টোবরে আদালতে গিয়ে একটি মামলা করেন। সেখানে বলা হয়, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। পরে জানতে পারেন, তার স্বামীর একাধিক বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে কথা বললে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। গত ২৯ সেপ্টেম্বর জোর করে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে ২ অক্টোবর তাকে তালাকের নোটিস পাঠান তমিজী।
গত ১৬ নভেম্বর তমিজীর বাসায় তল্লাশি চালাতে গিয়ে ব্যর্থ হয় র্যাব। সে সময় এ টি হকের ব্যবস্থাপনা পরিচালক ফেইসবুক লাইভে এসে নানা আপত্তিকর মন্তব্যও করেন। তিনি আত্মহত্যার হুমকিও দেন।
পরে ১০ ডিসেম্বর রাতে গ্রেপ্তারের পর আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তমিজীকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। আদালতে জানানো হয়, তমিজীর ‘এলোমেলো কথাবার্তায়’ ডিবির মনে হয়েছে, তার চিকিৎসা প্রয়োজন।
পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালেও চিকিৎসার জন্য পাঠানো হয় তমিজী হককে। মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ডও গঠন করা হয়।
কে এই আদম তমিজী
বিস্কুট কোম্পানি এ টি হক লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন আদম তমিজীর বাবা ব্যারিস্টার তমিজী হক। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির নাম দেশের মানুষ জানে বিস্কুট ও ব্যাটারির জন্য।
১৯৭৬ সালে জন্ম নেওয়া আদম তমিজী পড়ালেখা করেছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসায় যোগ দেন এবং বাবার মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব নেন।
তার রাজনীতিতে প্রবেশের চেষ্টা শুরু হয় ‘মানবিক বাংলাদেশ’ নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে। এক সময় তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের এক কমিটিতে পদ পান।
২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেই মনোনয়ন না পেলেও ২০২০ সালে দলটির ঢাকা উত্তর সিটি কমিটিতে জায়গা পান। অবশ্য দল নিয়ে মন্তব্যের কারণে পরে তাকে সেই পদ খোয়াতে হয়।
পুরনো খবর
