বাংলাদেশে শিশু গ্রন্থাগার নির্মাণ করবে জাপান
দেশ স্বাধীন করার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানকে সংরক্ষণ করতে তার বাসভবনকে জাদুঘরে রূপান্তর করার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
ঢাকায় একটি শিশু গ্রন্থাগার নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত স্থপতি তাদাও আন্দো প্রতিষ্ঠিত তাদাও আন্দো আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস।
বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তাদাও নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এ কথা জানায়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম জানান, সাক্ষাতের আগে জাপানের অনুদানে বাংলাদেশে একটি শিশু গ্রন্থাগার নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান এবং তাদাও আন্দো আর্কিটেক্ট অ্যাসোসিয়েটসের তাদাও আন্দো তাতে স্বাক্ষর করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বীরদের গৌরব সংরক্ষণের জন্য সারাদেশে জাদুঘর নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”
শেখ হাসিনা বলেন, দেশ স্বাধীন করার ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে সংরক্ষণ করতে সরকার তার বাসভবনকে জাদুঘরে রূপান্তর করেছে।
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
