২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়নে ৩২ লাখ টাকা দিল ফরেইন সার্ভিস অ্যাসোসিয়েশন

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 10:06 AM

Updated : 09 Sep 2022, 10:06 AM

সরকারের আশ্রয়ন প্রকল্পের অধীনে গৃহহীনদের জন্য ঘর নির্মাণে বাংলাদেশ ফরেইন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩২ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ও বাংলাদেশ ফরেইন সার্ভিস অ্যাসোসিয়েশনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমদ চৌধুরী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছে এই চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর নেওয়া আশ্রয়ন উদ্যোগে ভূমিকা রাখায় এ সময় বাংলাদেশ ফরেইন সার্ভিস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তোফাজ্জল হোসেন মিয়া।

আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বাংলাদেশ ফরেইন সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সরওয়ার-ই-আলম জানান, তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।