বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যু
আইন ও সংবিধান, মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর লেখা কিছু বই রয়েছে তার।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন।
সোমবার দুপুর পৌনে ১টায় ঢাকার গুলশানের বাসভবনে তার মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এ বিচারক। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রয়াত এ বিচারকের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান।
গোলাম রাব্বানী আইন ও সংবিধান নিয়ে বেশ কিছু বই লিখেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
