হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
তাকে নিয়ে হাই কোর্ট বিভাগে স্থায়ী বিচারকের সংখ্যা হল ১০০ জন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। হাই কোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা এ সময় উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৮ অক্টোবর হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। একই সময়ে নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারপতিকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও তাকে তখন স্থায়ী করা হয়নি।
সেসময় সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছিল, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি।
বয়সের শর্ত পূরণ হওয়ায় সোমবার তাকে হাই কোর্ট বিভাগে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। ২০০৭ সালে হাই কোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।
তাকে নিয়ে হাই কোর্ট বিভাগে স্থায়ী বিচারকের সংখ্যা হল ১০০ জন।
