২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জীবনী সুধা, খুলে দিতে চান সমাজের রুদ্ধ দুয়ার

“হরমনাল ইমব্যালেন্স নিয়েই পৃথিবীতে এসেছি। তার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নাই। বরং নিজেকে নিয়ে আমার গর্ব হয়। আমার অহংকার আছে যে, আমি একসেপশনাল, আমি স্পেশাল।”

সঞ্জীবনী সুধা, খুলে দিতে চান সমাজের রুদ্ধ দুয়ার

পেশায় ব্যাংককর্মী সঞ্জীবনী সুধা দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করতে যাচ্ছেন।

রাসেল সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 01:18 AM

Updated : 02 Jul 2023, 11:58 AM

জীবনের পদে পদে তুচ্ছ-তাচ্ছিল্য, হাসি-ঠাট্টা আর অবজ্ঞা সব সময়ই ছিল তার নিত্যসঙ্গী। তবে মায়ের সাহস তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করতে যাচ্ছেন সঞ্জীবনী সুধা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুধা বলেন, এটা শুধু তার নিজের নয়, তার কমিউনিটির গর্ব, পুরো দেশের গর্ব। 

“আমার মাধ্যমে উচ্চতর গবেষণায় ডিগ্রি অর্জনের ক্ষেত্রে একটা দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এর আগে আমার কমিউনিটি থেকে এমফিল-পিএইচডি করবে কেউ স্বপ্নেও ভাবেনি,” বলেন তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীনের তত্ত্বাবধানে এমফিল করবেন সঞ্জীবনী। তার গবেষণার বিষয় ‘রিফ্রেমিং জেন্ডার ইন পলিটিকস অব বাংলাদেশ’।

জুলাই মাস থেকে শুরু করতে যাচ্ছে এই গবেষণা কর্ম।। 

অধ্যাপক জোবাইদা নাসরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে সঞ্জীবনী সুধা আমার তত্ত্বাবধানে এমফিল করতে যাচ্ছেন। এটা তার কমিউনিটিকে এগিয়ে নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও এটা একটা বড় ধরনের মাইলফলক।” 

এমফিলের পর পিএইচডি করারও ইচ্ছে রয়েছে সুধার। আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ারও স্বপ্ন। 

Image

স্কুলে ভর্তির পর থেকেই বৈষম্যের শুরু। প্রথম ক্লাসেই বসতে দেওয়া হয় আলাদা বেঞ্চে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও শিকার হতে হয়েছে তুচ্ছ-তাচ্ছিল্যের।

তিনি বলেন, “আমি আমার কমিউনিটির জন্য সমাজের রুদ্ধ দ্বারগুলো খুলে দিতে চাই। আমি আমার যোগ্যতা দিয়ে, পড়ালেখার মাধ্যমে সব অবজ্ঞার জবাব দিতে চাই। সেজন্য আমার পিএইচডি করারও ইচ্ছা রয়েছে। 

“আমার মা স্বপ্ন দেখতেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। আমি সেই স্বপ্ন দেখতে পারিনি। আমি জানি না ভবিষ্যতে কী হব। এখন ব্যাংকে কাজ করছি। যেহেতু এমফিল করছি এবং ডক্টরেট করব, শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। তবে শিক্ষক হওয়ার চাইতে আমার জীবনের লক্ষ্য হল আমি একজন ভালো মানুষ হতে চাই।”

সঞ্জীবনী সুধার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। পরিবারে আছেন বাবা, মা ও ছোট এক বোন। 

ধনবাড়ী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ধনবাড়ী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর ২০১২-১৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করেন তিনি। 

২০২১ সালে একটি বেসরকারি ব্যাংকে ‘কমিউনিকেশন অ্যান্ড সিএসআর অফিসার’ হিসেবে যোগ দেন সঞ্জীবনী। 

Image

ছোটবেলাতেই নাচ শেখেন সুধা, ধ্রুপদি নৃত্যে অর্জন করেন দক্ষতা।

পদে পদে বৈষম্য, বঞ্চনা 

ছোটবেলা থেকেই সমাজের মানুষের চরম বিরূপ আচরণের শিকার হয়েছেন এই ট্রান্সজেন্ডার নারী। 

বৈষম্যের শুরু স্কুলে ভর্তির পর থেকেই। প্রথম ক্লাসেই তাকে বসতে দেওয়া হয় আলাদা বেঞ্চে। এরপর সহপাঠীদের সঙ্গে মিশতে গেলেও পড়তে হয় বিড়ম্বনায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও শিকার হন তুচ্ছ-তাচ্ছিল্যের। 

সুধা বলেন, “আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সেখানে ২৩ হাজার ছাত্র ছিল। কিন্তু আমার মত কাউকে খুঁজে পাইনি। পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার দিকে তাকিয়ে থাকত, আমি যেন ছাগলের তিন নম্বর বাচ্চা। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকিয়ে থাকত।

“বিশ্ববিদ্যালয়ে কেউ আমার সঙ্গে বসলে বা কেউ আমার সঙ্গে কথা বললে সবাই ঠাট্টা করত যে, না জানি আমরা কী কথা বলছি।” 

আলাওল হলে একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল তাকে। বলে দেওয়া হয়েছিল পরতে হবে ‘ছেলেদের পোশাক’, চলা-ফেরা করতে হবে ছেলেদের মত। 

“তেমনই চলেছি, তবে হলে অনেক সময়ই ঠাট্টার শিকার হয়েছি। অবশ্য শিক্ষক-সহপাঠীরা ছিলেন আমার জন্য আশীর্বাদ। তারা সাহস জোগানোয়, পাশে থাকায় সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পেরেছি”, বলেন সুধা। 

জন্মের পর বাবা মা নাম দিয়েছিলেন আশিকুল ইসলাম সজীব। বয়স যখন পাঁচ কিংবা ছয় তখন থেকে শিশুটি বুঝতে পারে, সে অন্যদের মত নয়। 

সঞ্জীবনী বলেন, “হরমনাল সমস্যা নিয়ে পৃথিবীতে এসেছি এবং এই সমস্যার উত্তর খুঁজতে বার বার নিজেকে প্রশ্ন করতাম। ছয় বছর বয়সেই আমি বাবা মাকে বলেছি প্যান্ট-শার্ট পরাও আর যাই কর, আমি আসলে মেয়ে। 

“হরমনাল ইমব্যালেন্স নিয়েই পৃথিবীতে এসেছি। তার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নাই। বরং নিজেকে নিয়ে আমার গর্ব হয়। আমার অহংকার আছে যে, আমি একসেপশনাল, আমি স্পেশাল। 

“তবে এটা একটা মনস্তাত্ত্বিক ঘা। এই ঘা নিয়ে সামনে যাওয়া কঠিন। শরীরের সঙ্গে যখন মনের মেলবন্ধন না হয়, তখন শরীরকে খাঁচা ছাড়া আর কিছু মনে হয় না।”

যেভাবে নাম বেছে নিলেন 

বাবা মায়ের দেওয়া নাম আশিকুল ইসলাম সজীব থেকে নিজের পছন্দের সঞ্জীবনী সুধা কীভাবে হলেন, সে কথাও বললেন এই ট্রান্সজেন্ডার নারী।

তিনি বলেন, “ছোট থেকে সমাজে কাছ থেকে এত তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়েছি, নিজেকে একটা বিষ মনে হত। শব্দটি শোনার পর আমার মনে হয়েছিল ‘সঞ্জীবনী সুধা’ শব্দটি আমার সঙ্গে যায়। সেই তখন থেকেই সজীব থেকে সঞ্জীবনী সুধা হয়ে উঠি।”

তিনি এও মনে করেন, কে কোন নামে ডাকল, এগুলোতে তার কিছু যায় আসে না। নাম কেবল একটি পরিচয়।

“আমি আমার মননে কোন পরিচয় বহন করি, কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি, সেটাই আমি।” 

শক্তির উৎস মা 

জীবন যুদ্ধের প্রতিযোগিতায় মা ছিল সুধার কাছে সব সুধার শক্তির উৎস। যতবার ভেঙে পড়েছেন, সাহস জুগিয়েছেন মাই। 

সুধা জানান, ট্রান্সজেন্ডার কমিউনিটির লোকজন তাকে নানা সময় তাদের কমিউনিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মা নিয়ে যেতে দেননি। 

“যখন তারা আসত, আমার মা আমাকে লুকিয়ে রাখত।” 

মায়ের এই ভূমিকায় কৃতজ্ঞ সঞ্জীবনী বলেন, “যারা লিঙ্গ বৈষম্যের কারণ দেখিয়ে ট্রান্সজেন্ডারদের দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, এটা ঠিক না। তাদের প্রতি যত্নবান ও সচেতন হলে তারাও এ সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।”

মানুষের জন্য একজন সঞ্জীবনী সুধা 

নাচের প্রতি সব সময় প্রবল আগ্রহ ছিল সুধার। ছোটবেলাতেই নাচ শেখেন এবং ধ্রুপদি নৃত্যে অর্জন করেন দক্ষতা। 

স্নাতকোত্তর শেষ করে ২০১৯ সালে বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালিত ছিন্নমূল শিশুদের স্কুলে নাচের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। 

সেখানে এক বছর কাজ করার পর ২০২০ সালের মার্চে দেশে দেখা দেয় করোনাভাইরাস মহামারী। তখন মানুষের দাফন-সৎকারের কাজে স্বেচ্ছায় যুক্ত হন। 

“প্রত্যেক দিন আমি ৮-১০ টি লাশ গোসল করাতাম। নারী পুরুষ ও চার ধর্মের। গোসল করাতাম, দাফন করতাম কিংবা চিতায় দিতাম। আমিই করতাম। আমি কোয়ান্টামকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত করেছিল। 

“চট্টগ্রাম ও ঢাকায় একবছরে প্রায় ১২শ মানুষকে গোসল দিয়েছি আমি; যারা কোভিডে মারা গেছে, যাদের কেউ গোসল দিত না। আমার কাছে সংখ্যাটা বড় বিষয় না। সমাজের একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার পেলেও সেগুলো গণনায় আনতে চান না সঞ্জীবনী সুধা। বলেন, “আমার কাছে অ্যাওয়ার্ড কোনো বিষয় না। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।” 

ব্যাংক থেকে যে বেতন পান, তার একটি অংশ সেবামূলক কাজে ব্যয় করেন সুধা। কাজ করেন পরিবেশ নিয়ে, শিশু অধিকার নিয়ে। 

“আমি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, আমি শুদ্ধ সংস্কৃতি চর্চা করতে পছন্দ করি। যেখানেই শুদ্ধ সংস্কৃতির চর্চা হয়, সেখানেই আমি যাই।” 

‘পাল্টে দিতে চাই সমাজের দৃষ্টিভঙ্গি’ 

ট্রান্সজেন্ডারদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে দিতে চান সঞ্জীবনী সুধা। 

তিনি বলেন, “আমার কমিউনিটির মানুষদের সেক্স সিম্বল ছাড়া কিছু ভাবা হয় না। তাদেরকে কেউ যৌনকর্মী ভাবে, কেউ ‘আজাইরা’ ভাবে’ তাদেরকে কেউ হাস্যরসের খোরাক ভাবে, তাদেরকে কেউ ভিখারি ভাবে। সামাজিক জীব বা মানুষ হিসেবে কেউ দেখে না। 

“আমার এই জীবনে কোথায় মানুষ হিসেবে ট্রিট করতে দেখিনি। মানুষ হিসেবে যে সম্মান পাওয়ার অধিকার, সেই অধিকারটুকু আমরা কেউ কাউকে দিই না। আমি মানুষের এই দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই।”