২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে ট্রাকচাপায় পা গেল বাইক আরোহীর

ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় নিহত হয়েছেন এক ওয়ার্কশপকর্মী।

বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে ট্রাকচাপায় পা গেল বাইক আরোহীর

দুর্ঘটনায় আহত আরাফাত হোসেন রাহাত।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 11:12 PM

Updated : 08 Feb 2023, 11:12 PM

গাজীপুরের টঙ্গী থেকে ঢাকার উত্তরায় আসার পথে ট্রাকের চাপায় পা হারালেন এক যুবক।

আরাফাত হোসেন রাহাত (২৬) নামে এই যুবক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে উত্তরায় আসছিলেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

পথে টঙ্গী কলেজ গেইট শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ট্রাক তাকে চাপা দেয় বলে আরাফাতের বন্ধু মুন্না পাঠান জানিয়েছেন।

আরাফাতকে প্রথমে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান বন্ধু ও স্বজনেরা। চিকিৎসকরা সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পাটি বিচ্ছিন্ন করেন। রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুন্না ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, তাদের আরেক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ছিল বুধবার। সেই অনুষ্ঠানে যোগ দিতে মোটরবাইক চালিয়ে উত্তরা যাচ্ছিলেন আরাফাত।

“বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গী কলেজ গেইট শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ট্রাক আরাফাতের বাইককে চাপা দেয়। এতে তার ডান পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আরাফাতের শরীর থেকে প্রচুর রক্ত গেছে, তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরাফাত টঙ্গীর একটি জাপানি ভাষাশিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। গাজীপুরের কালীগঞ্জের বালিগাঁও গ্রামের মুরগি ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে তিনি। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়।

বাস চ্যাসিসের ধাক্কায় মিস্ত্রি নিহত

ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় বাসের চ্যাসিসের ধাক্কায় বুধবার রাতে এক ওয়ার্কশপ কর্মী নিহত হয়েছেন।

নিহত মো. পলাশ (৩০) যাত্রাবাড়ীতে সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসের কাঠামো তৈরির কাজ করতেন।

নিহতের সহকর্মী মো. রিপন জানিয়েছেন, তার চারজন কাজ শেষে মালিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন খেতে যাবেন বলে। কাজলায় রাস্তা পার হওয়ায় সময় একটি নতুন বাসের চ্যাসিস (বডিবিহীন) পলাশকে চাপা দেয়। পরে পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী সাইফুল ইসলাম জানান, নিহত পলাশের একটি সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনিই ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, পলাশের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।