সাজা মাথায় নিয়েই মাদক ব্যবসা, ১০ বছর পর গ্রেপ্তার
মাদকের এক মামলায় ২০১৯ সালে যাবজ্জীবন সাজা হয় তার।
দশ বছর আগে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পরোয়ানা মাথায় নিয়েই মাদকের কারবার করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হযরত আলীর (৩২) বাড়ি জামালপুরের বকশিগঞ্জে। শুক্রবার সকালে গাজীপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, মাদক কারবারের অভিযোগে ২০১২ সালে তার বিরুদ্ধে ঢাকার রমনা থানায় মামলা করা হয়েছিল। সে সময় থেকেই তিনি পালিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। ২০১৯ সালে সেই মামলায় তাকে যাবজ্জীবন সাজা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
র্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, “হযরত দীর্ঘদিন ধরে গাজীপুর এলাকায় আত্মগোপনে থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন হযরত আলী।”
