প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় গণভবনে, নেতা-মন্ত্রীদের অনেকেই নিজ এলাকায়
ঈদের দিন সকাল ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দীর্ঘদিনের চর্চার ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঈদের দিন সকাল ১০টায় ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।
করোনাভাইরাস মহামারির সময় কয়েকটি ঈদ ছাড়া প্রতিবছরই ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গতবছরও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ বছরও ঈদের দিন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে ঈদ উদযাপন করতে আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী ও নেতা নিজ নিজ এলাকায় যাবেন। তারা নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন এবং সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ৷ অনেকে এরইমধ্যে এলাকায় চলেও গেছেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ঢাকায় ঈদ করবেন ৷
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঢাকায় ঈদ করবেন ৷ এদিন বিকালে তিনি নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীতে যেতে পারেন বলে জানা গেছে ৷
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ নিজ নিজ এলাকায় ঈদ করবেন বলে তাদের ব্যক্তিগত সচিবরা জানিয়েছেন।
সভাপতিণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকায় ঈদ করবেন৷
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকায়; শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় ঈদ করবেন ৷
এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, এস এম কামাল হোসেন ঈদ করতে নিজেদের এলাকায় যাবেন বলে জানা গেছে।
