‘তিনজনকে মৃত্যু হাতছানি দিচ্ছিল, তা না হলে কেন পদ্মার পাড়ে যাব’
“তিনজনের বাচাঁর চেষ্টা আর আকুতি, সেই সাথে তলিয়ে যাওয়ার দৃশ্য পরিবারের সবাই প্রত্যক্ষ করল। এটা সবচেয়ে করুণ একটা বিষয়।”
তিনজনই চেষ্টা করেছিলেন বাঁচার, পারেননি। বুকফাটা আর্তনাদে স্বজনরা চেয়ে চেয়ে দেখলেন তাদেরকে পদ্মায় অতল জলে ডুবে যেতে।
“গোসল করতে করতে ওরা কেমন করে যেন তলিয়ে যেতে থাকল, বাঁচার জন্য আকুতিও ছিল। চেষ্টাও করেছিলাম। আরিদের ধরা হাত ফসকে গেল। নিজের বাঁচার চেষ্টার কারণে আর বেশি দূর যাওয়া হলো না। পরে ইঞ্জিনচালিত নৌকা এসে দুইজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও তিনজন চোখের সামনেই তলিয়ে গেল।”
ভয়ঙ্কর সেই দুঃস্বপ্নের মতো ঘটনার এমন বর্ণনাই দিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রিয়াদ রামিন আরিদের ফুপা কাজী হারিসুল ইসলাম। যিনি নিজেও ঘটনার সময় পরিবারের আরো অন্তত ১৫ জন সদস্যর সঙ্গে শুক্রবার গোসলে নেমেছিলেন পদ্মায়।
শুক্রবার ঢাকা থেকে বেড়াতে গিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে রেলওয়ের প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫), তার ভায়রা ব্যাংক কর্মকর্তা জুয়েল রানা (৪০) এবং রিয়াদ আহমেদের ছেলে রিয়াদ রামিন আরিদ তলিয়ে যান।
রিয়াদ আহমেদ রাজু ও তার ভায়রা জুয়েল রানার মরদেহ ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধাররে। শনিবার সকালে পাওয়া যায় আরিদের মরদেহ।
রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে পৈত্রিক বাসা রিয়াদ আহমেদ রাজুর। শনিবার ওই বাসায় গিয়ে কোনো কান্নার শব্দ শোনা যায়নি। কিন্তু কেউ কথা বলছেন না; সবাই বাকরুদ্ধ। হারিসুল ছাড়া পরিবারের আর কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।
হারিসুল জানান, ঈদের পরদিন আনন্দ করতে রাজুর গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী দীঘিরপাড় গিয়েছিলে সবাই।
“আমরা ঢাকা থেকে তিনটি মাইক্রোবাসে করে নারী, শিশু, পুরুষ মিলে ৫টি পরিবারের প্রায় ২৮ জন দীঘিরপাড় যাই। সেখানে রাজুর চাচারা থাকেন। সেখানে জুম্মার নামাজ শেষে দুপুরের খাওয়া শেষ করে সবাই মিলে পদ্মার পাড়ে যাই।”
“কিন্তু সেখানেই ওই তিনজনকে মৃত্যু হাতছানি দিচ্ছিল। না হলে কেন আমরা পদ্মার পাড়ে যাব?”
হারিসুল জানান, নদীতে একে একে প্রায় সবাই নামলেও নারী এবং বয়স্করা নদীর পাড়ে বসে গল্প করছিলেন। হঠাৎ করেই ঘটে যায় দুর্ঘটনা।
নিজে সাঁতার জানলেও যারা মারা গেছেন তারা কেউ জানতেন না জানিয়ে হারিসুল বলেন, “তিনজনের বাঁচার চেষ্টা আর আকুতি, সেই সাথে তলিয়ে যাওয়ার দৃশ্য পরিবারের সবাই প্রত্যক্ষ করল। এটা সবচেয়ে করুণ একটা বিষয়।
“আমাদের চোখের সামনে তারা তলিয়ে গেল একবারে চিরদিনের মত- এ দৃশ্য পরিবারের নারী, শিশু, পুরুষ কেউ কি জীবনে কখনো ভুলতে পারবে? কখনই না।”
চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, “একসাথে দুই বোন বিধবা হলো, আবার একজন স্বামীর সাথে সন্তানহারা হলেন। ভাবতেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে।”
