২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইইডিসিআর পরিচালককে নিজ কক্ষে ঢুকে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাব কর্মীরা সেখানে গিয়েছিল বলে স্বীকার করেছেন সংগঠনের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 05:35 PM

Updated : 28 Oct 2026, 05:53 PM

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।

বুধবার বেলা ১১টায় আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলেছেন অধ্যাপক কাজী আহমেদ জাকি। তবে ঠিক কী কারণে ড্যাব কর্মীরা তাকে লাঞ্ছিত করল, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংস্থাটির কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “সকালে পরিচালক নিজ কক্ষে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানসহ কয়েকজন এসে পরিচালকের রুমে প্রবেশ করেন। এরপরই পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা।”

ঘটনার একটি সিসিটিভি ভিডিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। তাতে দেখা যায়, সকালে অধ্যাপক জাকি তার কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় বাইরে থেকে ডা. জাহিদসহ কয়েকজন ঘরের ভেতরে ঢুকে অধ্যাপক জাকিকে চেয়ার থেকে তুলে গলায় ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় ঘরে থাকা অন্য ব্যক্তিরা ডা. জাহিদ ও তার সঙ্গে আসাদের বাধা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। পরে অধ্যাপক জাকি আবার গিয়ে তার চেয়ারে বসেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, “আমি ঘটনাটি শুনেছি। অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিল।”

তবে মারধর বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “এমন ঘটনার সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।”

বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী জাকিকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।