অবৈধ সম্পদ: সেলিম প্রধানের জামিন আবেদন বাতিল
অভিযোগপত্রে সেলিম প্রধানের ৫৭ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ থাকার কথা বলা হয়।
ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার ঢাকার ৬ নম্বর আদালতের বিশেষ হাকিম আল আসাদ মো. আসিফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম।
মামলায় এদিন ডাচ-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. মোশারফ হোসেন ও রুপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু জামাল খান সাক্ষ্য দেন।
আগামী ২ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে। মামলাটিতে ৩৯ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
২০১৯ সালের ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। তার বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে গত বছর ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক।
এতে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ আনা হয়।
গত বছর ৩১ অক্টোবর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দিয়েছিল আদালত।
ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব।
এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
সেখান থেকে সাতটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া জব্দ করার পাশাপাশি সেলিমের কর্মচারী আক্তারুজ্জামান ও রোকনকে গ্রেপ্তার করা হয়।
হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওই দিনই সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র্যাব। পরে দুদক অবৈধ সম্পদের এই মামলা করে তার বিরুদ্ধে।
এর মধ্যে মাদক ও বৈদেশিক মুদ্রা উদ্ধারের দুটি মামলায় জামিনে রয়েছেন সেলিম প্রধান।
আরও পড়ুন
