১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব নিয়ে ‘কাজ করছে’ ইসি

“মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সমস্ত কাজ শেষ করব,” বলেন ইসি সচিব আখতার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 02:32 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে যে ৯টিকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ বলে মনে করছে উপদেষ্টা পরিষদ, সেগুলো নিয়ে মতামত জানাতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টা বিষয়ের সুপারিশের উপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ (অভ্যন্তরীণ ও প্রবাসী), পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনি অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।

“দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে। ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন।”

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাঁচটি সংস্কার কমিশনের ১২১টি সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ মনে করে এক ডজন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৯টি সুপারিশ রয়েছে।

যত দ্রুত সম্ভব, এসব সুপারিশের ওপর মতামত পেশ করা হবে জানিয়ে ইসি সচিব আখতার বলেন, “তবে এই মুহূর্তে কী কী সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারব না। মাননীয় কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংস্কার চলমান প্রক্রিয়া। এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। 

“আমাদের পক্ষ থেকে সে বিষয়টা স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব, যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি।”

সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন সচিব আখতার।

“নির্বাচনে প্রভাব পড়বে কি না তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের উপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় আসলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া- যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বরকে সামনে রেখেই আমরা সমস্ত কাজ শেষ করব।”

সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি জানিয়ে ঐকমত্য কমিশনে ইসির চিঠি

ফেরারি আসামিকে প্রার্থী হতে বাধা নয়ঐকমত্য কমিশনকে ইসি

পাঁচ কমিশনের 'আশু বাস্তবায়নযোগ্য১২১ সুপারিশদ্রুত তালিকা চায় সরকার

লক্ষ্য ডিসেম্বরইসি কী প্রস্তুতি নিচ্ছে