১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি জানিয়ে ঐকমত্য কমিশনে ইসির চিঠি

নির্বাচন কমিশন মনে করে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন মনে করে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। 

জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে সোমবার এ চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান।

তিনি বলেন, "নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৭-৮ টির মত সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়ে ঐকমত্য কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে।"

সংস্কার কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি স্বতন্ত্র কমিশন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, এর প্রয়োজন নেই। 

"সংস্কার কমিশনের সুপারিশে আসন সীমানা পুনঃনির্ধারণের যে ফর্মুলার কথা বলা হয়েছে, সেটি হলে শহর অঞ্চলে আসন বেড়ে যাবে," বলেন আখতার আহমেদ।

ইসি মনে করে, ভোটার সংখ্যা এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনা করে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করা উচিত। 

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ভোটের পর ৪৮ ঘণ্টার মধ্যে ‘সার্টিফাই’ করার বিষয়ে একটি সুপারিশ করা হয়েছে, যেখানে বলা হবে ‘সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে’। 

“নির্বাচন কমিশন মনে করে, এর প্রয়োজন নেই। কারণ ফলাফলের যে গেজেট প্রকাশিত হয়, সেটাই সার্টিফিকেশন। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা ও নির্বাচন কমিশনারদের শাস্তির বিষয়ে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, তাতেও ভিন্ন মত রয়েছে।"

ইসি সচিব বলেন, রিটার্নিং অফিসার সন্তুষ্ট হয়েই ফলাফল ঘোষণা করেন। 

ভোটের পর তদন্ত করে দোষী প্রমাণিত হলে কমিশনারদের শাস্তির সুপারিশ করেছে সংস্কার কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের আপত্তি তুলে ধরে আখতার আহমেদ বলেন, "এজন্য একটি ব্যবস্থা এখনই রয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে। যদি নির্বাচন শেষ হওয়ার পাঁচ বছর দশ বছর পর নির্বাচন কমিশনারদের আদালতে দৌড়াতে হয়, সেটি কি যৌক্তিক হবে? নির্বাচনে জয়ী হবেন একজন, বাকিরা সংক্ষুব্ধ হয়ে যে কোনো অভিযোগই করতে পারেন।"

এছাড়া জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত বলেও কমিশন মত দিয়েছে।

পুরনো খবর

সংস্কার কমিশনের ৩ সুপারিশে সিইসির আপত্তি, বললেন স্বাধীনতা 'খর্ব হবে'

আইন পর্যালোচনায় বসছে ইসি, নজর ঐকমত্য কমিশনের দিকে