১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওফেল পরিবারের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের হিসাব থেকে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনের তথ্য দিয়েছে দুদক।

নওফেল পরিবারের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তার স্ত্রী, দুই মেয়ে ও তাদের স্বার্থসংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এসব ব্যাংক হিসাবের মধ্যে নওফেলের ১৩টি, তার স্ত্রী এমা ক্লেয়ার বাটর্নের পাঁচটি, নওফেল ও বাটর্নের যৌথ দুটি, মেয়ে নীনা ইমেলী ফৌজিয়া চৌধুরী মিনরের একটি ও হান্না শাহরিয়া এনি চৌধুরী মিনরের দুটি ব্যাংক হিসাব রয়েছে। 

এর বাইরে তাদের স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি নিহান ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি লিমিটেড ও সিল অরুনিমা ফ্ল্যাট ওনার্সের হিসাব রয়েছে।

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের উপপরিচালক কমলেশ মন্ডল তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নওফেলকে প্রকাশ্যে দেখা যায়নি।

‘অবৈধ সম্পদ’ অর্জন ও ’অর্থপাচারের’ পাশাপাশি গণআন্দোলনে হত্যা-নিপীড়নের অভিযোগেও তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

’অবৈধ সম্পদ’ অর্জনের মামলার বিষয়ে গত ১৭ ডিসেম্বর দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নওফেল ও তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব থেকে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা জমা এবং ৯৭ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

দুদক বলছে, নওফেল তার আয়কর নথিতে ৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮১০ টাকার স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এর মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন:

রিকশা চালক গুলিবিদ্ধচট্টগ্রামে হাছান ও নওফেলের বিরুদ্ধে মামলা