১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিকশা চালক গুলিবিদ্ধ: চট্টগ্রামে হাছান ও নওফেলের বিরুদ্ধে মামলা

গুলিবিদ্ধ অটো রিকশাচালক আনোয়ার হোসেন নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন।

রিকশা চালক গুলিবিদ্ধ: চট্টগ্রামে হাছান ও নওফেলের বিরুদ্ধে মামলা
হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 04:13 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

সরকার পতনের দিন চট্টগ্রামে এক অটো রিকশচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী জানিয়েছেন, গুলিবিদ্ধ অটো রিকশাচালক আনোয়ার হোসেন রোববার রাতে নিজেই এ মামলা করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “মামলায় দুই সাবেক মন্ত্রীসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনকে আসামি করা হয়েছে।“

চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নাজমুল হক ডিউকও আছেন আসামিদের মধ্যে। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ অগাস্ট বিকালে ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকার পুলিশ লাইন্সের সামনে সরকার পতনের পর সাধারণ জনতার আনন্দ মিছিলে যোগ দেন আনোয়ার হোসেন।

“মিছিলটি দেওয়ানহাটের দিকে গেলে আসামিদের নির্দেশে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়। ওই সময় আনোয়ারের ডান হাতে গুলি লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।“