১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভয় করলে মানুষকেই করতে হয়, সাপকে নয়: প্রধানমন্ত্রী

“একদিন দেখি আমার বসার স্থানের পাশেই একটা সাপ মুখ বের করে আছে, এত বড় একটা সাপ।”

ভয় করলে মানুষকেই করতে হয়, সাপকে নয়: প্রধানমন্ত্রী
ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 05:10 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবজন্তু বা সাপকে ভয়ের কিছু নেই, তবে সবার সতর্ক থাকা উচিত। 

জেলায় জেলায় মানুষের মধ্যে আতঙ্ক হয়ে ওঠা ‘রাসেলস ভাইপার’ সাপ প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু। একটু সতর্ক হয়ে চলতে হবে এটাই তো। আমি একটা বিষয়ে বিশ্বাস করি, জীবজন্তু-সাপ যাই বলেন, এরা কোনোদিন খামাখা কোনও মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হওয়ার ভয়ে থাকে। তাছাড়া তারা কোনোদিন কারো ক্ষতি করে না।

“সাপ বরং মানুষকে ভয় পায়। ভয় বা আতঙ্ক থেকেই মানুষকে কামড় দিতে আসে। তাই সাপকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় করলে মানুষকেই করতে হয়, জীবজন্তু বা সাপকে নয়।”

ভারত সফরের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী।  সেখানে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারে উপদ্রব নিয়ে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। 

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার সাপের উপদ্রবের খবর মিলছে। এই সাপের কামড়ে হতাহতের খবরও আসছে। আবার রাসেলস ভাইপার সন্দেহে অন্য সাপও পিটিয়ে মেরা ফেলা হচ্ছে।

সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি যখন মাছ ধরতে বসি, তখন দেখি পাশ দিয়েই সাপ যাচ্ছে। একদিন দেখি আমার বসার জায়গার পাশেই একটা সাপ মুখ বের করে আছে, এত বড় একটা সাপ। কই, কোনোদিন আমাকে সাপে কাটেনি তো। কোনোদিন ভয়ও পাইনি।”