রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা সন্তোষ কুমার রিমান্ডে
মিছিল থেকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিকল্পনার অভিযোগে করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
ঢাকার পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম কাউসার পারভীন শুক্রবার তার রিমান্ডের আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আজিজুল হক সুমন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে তার দুই দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
সেদিন সকাল ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও চলছিল।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনুসারীদের ওই মিছিল থেকে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিসাধনের চেষ্টা এবং ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে সেদিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।
আরও পড়ুন-
