রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিস ৪ দিনের রিমান্ডে
মিছিল থেকে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিসাধনের চেষ্টা এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে মামলায়।
পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমানকে চার দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই আজিজুল হক সুমনের আবেদনে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম তাদের রিমান্ডের আদেশ দেন।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বলেন, তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে পরে বিচারক আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
সেদিন সকাল ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও চলছিল।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনুসারীদের ওই মিছিল থেকে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিসাধনের চেষ্টা এবং ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।
বৃহস্পতিবার ওই মামলায় রাজধানীর উত্তরা থেকে শাহে আলম মুরাদ ও তেজগাঁও থেকে থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন-
