১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দলের নাম নিয়ে আপত্তি, ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিস

ইলিয়াস কাঞ্চন অন্য নামে দল গঠন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন সবুজ।

দলের নাম নিয়ে আপত্তি, ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিস
ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 12:35 PM

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন দল আত্মপ্রকাশের আগেই তাকে আইনি নোটিস পাঠিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টির’ চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান।

দুটি দলের নামের মিলের কারণে ‘জনতার বাংলাদেশ পার্টির’ নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে অভিযোগ করে ইলিয়াস কাঞ্চনকে তার দলের অন্য নাম দেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার পাঠানো ওই নোটিসে সবুজ খান বলেন, গত ১৩ মার্চ তিনি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মোলন করে ‘জনতার বাংলাদেশ পার্টির’ আত্মপ্রকাশ ঘটান। ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন। কিন্তু গণমাধ্যমে তিনি খবর পেয়েছেন, ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ করছেন শুক্রবার।

তিনি বলেন, দুটি দলের নাম প্রায় একইরূপ হওয়ায় তার দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে মারাত্মক ক্ষতি ও গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

নোটিসে বলা হয়, জনতা নাম ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হল- জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি। দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

ফলে ইলিয়াস কাঞ্চনকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন থেকে বিরত থাকার অনুরোধ করেছেন সবুজ। অন্য নামে দল গঠন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।