প্রাণ ফিরেছে বইমেলার মুক্তমঞ্চে
গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালা `উথুলা সুন্দরী’ দর্শনার্থীদের মন কেড়েছে।
একুশে বইমেলায় শুরু থেকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুক্তমঞ্চটি খালিই পড়ে ছিল। এত নান্দনিক একটা মঞ্চকে মেলার সঙ্গে যুক্ত করা হয়নি কেন, সেই প্রশ্ন ছিল দর্শনার্থীদের অনেকেরই।
ফাঁকা মঞ্চ এবং গ্যালারিতে মাদকসেবীদের আড্ডা হত বলে খবরও প্রকাশ হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। অবশেষে প্রাণ ফিরেছে মুক্তমঞ্চে।
বৃহস্পতিবার থেকে মুক্তমঞ্চের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশন সেখানে আয়োজন করেছে একুশের অনুষ্ঠানমালা।
তবে এই আয়োজনও কেবল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে; মেলার পুরোটা সময় থাকবে না।
বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মেলার প্রথম দিন থেকে এই মঞ্চে আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাখতে চেয়েছিলাম। মঞ্চটি শিল্পকলা একাডেমি দেখভাল করে, আমরা তাদের সঙ্গে যোগাযোগও করেছিলাম। তারা জানিয়েছিল, এখানে একুশের অনুষ্ঠানমালা আয়োজন করা হবে। সেটি তারা শুরু করতে একটু বিলম্ব করেছে।"
এদিন বিকেলে মুক্তমঞ্চে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’। শিল্পকলা একাডেমি জানায়, উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক পরিবেশনা চলবে।
প্রথম দিনের অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তিসহ পালার পরিবেশনা। শুরুতেই পরিবেশিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান। পরে ‘বীর পুরষ’ নৃত্য পরিবেশন করে একাডেমির শিশু নৃত্যদল। পরিচালনা করেন সোমা গিরি। এরপর একে এক বিভিন্ন পরিবেশনায় প্রথম দিনই জমে ওঠে আয়োজন।
সবশেষ পরিবেশিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পালা `উথুলা সুন্দরী’। পরিবেশন করেন পালাকার ইসলাম উদ্দিন।
বইমেলার দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পালার দর্শক গ্যালারি। দেড়শ বছরের পুরনো পালা ‘উথুলা সুন্দরী’ মূলত প্রেমকাহিনী। কাল্পনিক এ পালায় এক সুন্দরী নারীর গল্প তুলে ধরেন ইসলাম উদ্দিন পালাকার।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে আরও রয়েছে ‘লেখক বলছি’ মঞ্চ। এছাড়া মেলায় রয়েছে মোড়ক উন্মোচনের জন্য একটি নির্ধারিত মঞ্চ। এবার মুক্তমঞ্চের সাংস্কৃতিক আয়োজন মেলার নবপ্রাণের সঞ্চার করেছে।
মেলায় এসে মুক্তমঞ্চে উথুলা সুন্দরী দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়ে রাইসুল তমাল নামে এক দর্শনার্থী বললেন, “আমি আজকে নিয়ে পাঁচদিন মেলায় আসছি। মেলা প্রাঙ্গণে এই মঞ্চটা দেখতাম ফাঁকা থাকত। এখানে অনুষ্ঠান হয় কেন, প্রশ্ন জাগত। আজকে এসে অনুষ্ঠান দেখে ভালো লাগছে। উথুলা সুন্দরী বেশি ভালো লেগেছে।”
বৃহস্পতিবার ছিল বইমেলার পঞ্চদশ দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত।
মেলা পরিচালনা কমিটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, এদিন মেলার তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ৯৭টি।
এছাড়া লেখক বলছি মঞ্চের অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মাসুদুল হক, কবি এজাজ ইউসুফী, গবেষক কাজী সামিও শীশ এবং শিশুসাহিত্যিক রুনা তাসমিনা।
মেলায় ঘুরে উপচে পড়া ভিড় দেখা যায়নি। তবে লোক সমাগম ছিল চোখে পড়ার মত। শুক্রবার থেকে মেলায় লোক সমাগমের পাশাপাশি বই বিক্রিও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের।
নীতিমালা ভঙ্গ: আরও সাত প্রকাশনীকে চিঠি
একুশে বইমেলায় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার নতুন করে আরও সাতটি প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদল ইসলাম।
এর আগে পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ করে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই পাঁচ প্রতিষ্ঠান জবাব দিয়েছে বলেও জানান তিনি।
মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এর আগে পাঁচটি প্রতিষ্ঠানকে শোকজ করেছিলাম। তারা জবাব দিয়েছে। নতুন আরও সাতটি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। এই ১২টি প্রতিষ্ঠানের ব্যাপারে আগামী রোববার মেলা পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।"
নতুন করে সতর্ক করা স্টলের মধ্যে রয়েছে- রাবেয়া বুকস (স্টল নং- ১৬১-১৬২), সম্প্রীতি প্রকাশ (স্টল নং- ১৬৮), মাইক্রোটেক পাবলিকেশন্স (স্টল নং- ১৬৯), মাহী প্রকাশনী (স্টল নং- ৩৪৯), বাংলাদেশ পাবলিশার্স (স্টল নং- ৭৫৪), সুপ্ত পাবলিকেশন্স (স্টল নং- ৭৫৩), কিংবদন্তী পাবলিকেশন (স্টল নং- ৫৩৪-৫৩৫)।
মেলায় টাস্কফোর্স কমিটি এসব স্টল পরিদর্শন করে নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পায়। টাস্কফোর্সের একাধিক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তারা পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠানে আইএসবিএন ছাড়া পাইরেটেড বই খুঁজে পায়। পরে টাস্ক ফোর্স এসব প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের পর্যবেক্ষণ জানায় মেলা কমিটিকে। তার ভিত্তিতেই কমিটি শোকজ দেয়।
মুজাহিদুল ইসলাম বলেন, "একই আইএসবিএন ব্যবহার করে ১০/১৫টা বই প্রকাশ করা হয়েছে, এমন ব্যাপারও আছে। এছাড়া পাইরেটেড বইও আছে। রোববার সিদ্ধান্ত হওয়ার পর আমরা জানাব।"
এর আগে যে পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছিল, তার মধ্যে রয়েছে- গাজী প্রকাশন (স্টল ৩৭৪-৩৭৫), বঙ্গজ প্রকাশন, (স্টল ৪০৭), কুঁড়েঘর প্রকাশনী (স্টল ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুটির (স্টল ৩৭৬-৩৭৭), বাতিঘর প্রকাশনী (৪৫৫-৪৫৬)।
মূল মঞ্চ
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে হয় ‘স্মরণ: আবদুল হালিম বয়াতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জোবায়ের আবদুল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন মো. নিশানে হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইদুর রহমান বয়াতি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি গোলাম কিবরিয়া পিনু, মিহির মুসাকী, শফিক সেলিম, খোকন মাহমুদ এবং ইমরুল ইউসুফ। আবৃত্তি পরিবেশন করেন এ বি এম রাশেদুল হাসান, শিরিন জাহান এবং তালুকদার মো. যোবায়ের আহম্মেদ টিপু।
দলীয় আবৃত্তি পরিবেশন করে সুবর্ণা আফরিনের পরিচালনায় ‘কিংবদন্তি আবৃত্তি পরিষদ’ এবং মো. রহমতুল্লাহর পরিচালনায় ‘কথাশৈলী আবৃত্তি চক্র’।
পুঁথিপাঠ করেন এথেন্স শাওন। এছাড়া ছিল প্রণয় সাহার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কেন্দ্রীয় খেলাঘর আসর’-এর পরিবেশনা।
সংগীত পরিবেশন করেন বাবু সরকার, কোহিনুর আক্তার গোলাপী, মেহেরুন আশরাফ, অঞ্জলি চৌধুরী, গঞ্জের আলী জীবন, সুমন চন্দ্র দাস এবং বিজন কান্তি রায়। যন্ত্রাণুষঙ্গে ছিলেন চন্দন দত্ত (তবলা), সুমন রেজা খান (কী-বোর্ড), মো. মনিরুজ্জামান (বাঁশি), সুমন কুমার শীল (দোতরা) এবং মো. স্বপন মিয়া (বাংলা ঢোল)।
শুক্রবার যা থাকবে
শুক্রবার বইমেলার ষোড়শ দিন। মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।
এছাড়া একুশে উদযাপনের হিসেবে সকাল ১০টায় বইমেলার মূল মঞ্চে হবে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে হবে ‘স্মরণ: ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হারিসুল হক।
আলোচনায় অংশগ্রহণ করবেন ফজিলাতুন নেছা মালিক এবং এস এম মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক এ বি এম আবদুল্লাহ।
