যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানের বৈধতা নিয়ে প্রশ্ন মন্ত্রীর
ওবায়দুল কাদেরের ভাষায়, সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির হিসাব ‘মনের মাধুরি মিশিয়ে তৈরি করা’।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের হিসাবে গত বছর সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জনের প্রাণ গেছে; আহত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন।
মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দেওয়া সংখ্যার চেয়ে ৪১ শতাংশ কম। আর আহতের সংখ্যা ২৮ শতাংশ কম।
মঙ্গলবার বনানীর সেতুভবনে এক সংসদ সম্মেলনে সরকারি এই হিসাব তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২০২৩ সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে ৫ হাজার ৪৯৫টি। অন্যান্য বেসরকারি হিসাবে সড়কে প্রাণহানির এই সংখ্যা আরও বেশি হলেও সেসবের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
বাংলাদেশের সড়কে প্রতিবছর গড়ে ‘৩১ হাজারের বেশি’ মানুষের মৃত্যু হয়- বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন তথ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, “দেখুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগেও ২১ হাজারের একটা দুর্ঘটনার তালিকা করেছে। সেটার আমি প্রতিবাদ করেছি যে এটা সত্য নয় এবং তাদের এটা প্রমাণ করতে হবে।
“সেটার যথাযথ উত্তর আমরা পাইনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওখানে বসে বসে তালিকা দিল; এখানে রেজিস্টার্ড না এমন অনেকে নানা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দিচ্ছে।”
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের একদিন আগে বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতি সারা দেশে দুর্ঘটনার বার্ষিক পরিসংখ্যান তুলে ধরে।
তারা বলছে, গত বছর সারা দেশে ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন।
সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত বছর সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬ হাজার ৯২৯ দুর্ঘটনায় মারা গেছেন ৮ হাজার ৫০৫ জন, আহত হয়েছেন ১০ হাজার ৯৯৯ জন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে প্রতিবছর সড়ক দুর্ঘটনার এই পরিসংখ্যান তৈরি করে তারা।
কিন্তু মোজাম্মেল হকের দেওয়া তথ্যের ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন তোলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যাত্রী কল্যাণ সমিতির হিসাবকে ‘মনের মাধুরি মিশিয়ে তৈরি করা’ মন্তব্য করে তিনি বলেন, “মোজাম্মেল হক চৌধুরী, সে কি কোনো রেজিস্টার্ড? ব্যক্তিগতভাবে মনের মাধুরি মিশিয়ে তালিকা তৈরি করে। এর বৈধতা কি। সবসময়ই দেখা যায় হিসেবে যা আছে, তার থেকে তিনগুণ বাড়িয়ে তালিকা দিচ্ছে। আমাদের দেশের আবার কোনো কোনো মিডিয়া এটাকে ফলাও করে প্রচার করছে।
“এই লোকটার কোনো প্রকার বৈধ অধিকার…, এই যে সময়ে সময়ে দুর্ঘটনার কথা তুলে ধরছে, আর বিশেষ বিশেষ মিডিয়া গুরুত্ব দিয়ে প্রচার করছে। অথচ লোকটা হচ্ছে, এর বৈধ কোনো অধিকার নেই। আমাদের দেশের সড়কের ব্যাপারে দুর্ঘটনা মৃত্যু কত এটা বিভিন্ন সংস্থা আসে। এদের সাথে এই যে প্রাইভেট যেটা, এরা তো একটা সংখ্যা বের করে।”
মন্ত্রীর এ মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী পাল্টা অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার দুর্ঘটনা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না। রাষ্ট্র এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, দুর্ঘটনা কমাতে পারছে না।
“আমরা রিপোর্ট বাড়িয়ে বলি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বাংলাদেশে ৩১ হাজার ৫৭৮ জন মানুষ মারা যাওয়ার তথ্য দেয়, ওই সময় বিআরটিএর রিপোর্টে দেখা যায় পাঁচ হাজার মানুষ মারা গেছে। বিআরটিএ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় সড়ক দুর্ঘটনার তথ্য লুকিয়ে একটা তৃপ্তি পেতে চায়। বিআরটিএ সরকারকে বিভ্রান্ত করে।
“তারা তো কিছুদিন আগে আমাদের নোটিস দিয়েছিল তাদের না দেখিয়ে রিপোর্ট প্রকাশ করতে পারব না। তাহলে একই কথা তারা ডব্লিউএইচওকে বলুক। ডব্লিউএইচও একটা সংস্থা, আমরাও একটা সামাজিক সংগঠন। সড়ক দুর্ঘটনার নামে একটা হত্যাকাণ্ড হচ্ছে। এটা আমরা বলব না?”
ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের পরে বনানীর বিআরটিএ ভবনে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
