ঢাকা,জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলনে যাবেন বলে সরকারের শপথের দিনেই সাবধান করে দিলেন বিএনপি নেতা এমকে আনোয়ার।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এ কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, " সরকার সহযোগিতা চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আর আমি আশা করবো আওয়ামী লীগ যেসব ওয়াদা করেছে তারা সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে।"
এ প্রসঙ্গে তিনি চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় আনা এবং কৃষকদের সার বিতরণের বিষয়টি উল্লেখ করেন।
এমকে আনোয়ার বলেন, " অন্যথায় ওয়াদা পূরণ করতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাব।"
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আসেননি কেন জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন: "বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে। এ পরিস্থিতিতে আমাদের চেয়ারপার্সন তাদের সামাল দিতে ব্যস্ত। মূলত এ কারণেই তিনি আজকের অনুষ্ঠানে আসতে পারেননি।"
তবে চেয়ারপার্সনের নির্দেশেই বিএনপির ছয় সাত জন এমপি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও জানান এমকে আনোয়ার।
এরশাদের প্রতিক্রিয়া
নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রপতি ও ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এক প্রশ্নের উত্তরে বলেন, " রাষ্ট্রপতি হওয়াটা বড় কথা নয়। জোটগতভাবে ক্ষমতায় গিয়েছি সেটাই বড় কথা। নতুন সরকার আসায় আমি খুব খুশি।"
তিনি আরো বলেন, " রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে আমার কিছু সমস্যা ছিল। আমি রাষ্ট্রপতি হলে জাতীয় পার্টি ছাড়তে হতো। সেইসঙ্গে ছাড়াতে হতো ঢাকার আসনটিও। আমি সেটা চাইনি।"
তাকে প্রতিশ্র"তি দেওয়া হয়েছে এ দাবি করে নির্বাচনের আগে এবং অব্যবহিত পরে রাষ্ট্রপতি হওয়ার জোরালো আগ্রহ প্রকাশ করেছিলেন এরশাদ।
সংসদের উপনেতার প্রস্তাব এলে তিনি তা গ্রহণ করতে পারেন বলে জানান এরশাদ।
নতুন মন্ত্রিসভায় জাতীয় পার্টির একজন থাকায় খুশি কিনা জানতে চাওয়া হলে সরাসরি কোন উত্তর না দিয়ে এরশাদ বলেন, " আশা করছি ভবিষ্যতে মন্ত্রিসভার আকার বড় হবে। সেক্ষেত্রে মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধি আরো বাড়াবে।"
মন্ত্রিসভায় স্থান পাওয়া জাতীয় পার্টির একমাত্র প্রতিনিধি জিএম কাদের বলেন, "মন্ত্রিসভা বেশ ভাল হয়েছে। তরুণ, শিক্ষিত ও সৎ লোকের সমাগম ঘটেছে মন্ত্রিসভায়। তাই জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশাবাদী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এসকে/২৩১৭ঘ.
bdnews24