ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীত থেকে শিক্ষা নিয়ে দলের সাংসদদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হসিনা।
সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সন্ধ্যায় সাংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে। শুধু সততার মাধ্যমে সব কর্মকাণ্ড সফল করা সম্ভব। জনগণ আওয়ামী লীগের প্রতি যে আস্থা দেখিয়েছে তা ধরে রাখতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
দলীয় সভানেত্রী ও সংসদীয় দলের নেত্রী শেখ হাসিনা 'অন্যায় আচরণ করা থেকে' দলের সাংসদদের বিরত থাকারও নির্দেশ দিয়েছেন বলে সাংসদরা জানান।
বৈঠকে হাসিনা বলেন, কারো সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না। জনগণ থেকে আলাদা হওয়া যাবে না। জনগণের মনের মতো করে কাজ করতে হবে। কারো বিরুদ্ধে অভিযোগ এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব সাংসদকে উদ্যোগী হতে হবে।
এছাড়া প্রথমবারের মতো নির্বাচিত সাংসদদের সংসদের কার্যপ্রণালী বিধি ও বাংলাদেশের সংবিধান ভালোভাবে পড়ার নির্দেশ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/এমএইচবি/২১৪৬ ঘ.
bdnews24