২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা সংসদ নেতা, জিল্লুর উপনেতা

শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা ও জিল্লুর রহমানকে উপনেতা নির্বাচন করেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠকে আওয়ামী লীগের সাংসদরা এ সিদ্ধান্ত নেন। পরে দলের পক্ষ থেকে স্পিকার ব্যরিস্টার জমিরউদ্দিন সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা ও জিল্লুর রহমানকে উপনেতা নির্বাচন করেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠকে আওয়ামী লীগের সাংসদরা এ সিদ্ধান্ত নেন। পরে দলের পক্ষ থেকে স্পিকার ব্যরিস্টার জমিরউদ্দিন সরকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে বিকেলে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচিত প্রার্থীরা সাংসদ হিসেবে শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদিন আওয়ামী লীগের ২২৭ জন, জাসদের ৩ জন ওয়ার্কার্স পার্টির ২ জন, জাতীয় পার্টির ২৫ জন ও দুইজন স্বতন্ত্র প্রার্থী শপথ নিয়েছেন।" যশোর-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ রণজিত কুমার রায় ঢাকায় পৌঁছাতে না পারায় শনিবার শপথ নেননি বলে জানান তিনি। এবার আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ২৬২টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে আওয়ামী লীগই পায় ২৩০টি আসন। এর মধ্যে শেখ হাসিনা রঙপুর-৬, বাগেরহাট-১ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বান করে তিনটিতেই বিজয়ী হন। তিনি গেপালগঞ্জের আসনটি রেখে বাকি দুটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এছাড়া মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ঢাকা-১৭, রংপুর-৩ ও কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচন করে সবগুলোতেই বিজয়ী হন। তিনি ঢাকার আসনটি থেকে সাংসদ হিসেবে শপথ নিয়ে বাকিগুলো ছেড়ে দিয়েছেন। শপথ অনুষ্ঠানটি হয় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। শপথ কক্ষের ধারণ ক্ষমতা ১৮০ জন হওয়ায় শপথ অনুষ্ঠান তিন পর্বে সম্পন্ন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরই স্পিকার শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত সাংসদরা দাঁড়িয়ে সমস্বরে স্পিকারের সঙ্গে সঙ্গে শপথ বাক্য পড়েন। শপথ বাক্য পাঠ করানোর পর স্পিকার নতুন সাংসদদের অভিনন্দন জানিয়ে বলেন, "আপনারা নবনির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এখন থেকে আপনারা নির্বাচিত সংসদ সদস্য।" শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশিরভাগ সাংসদ অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ নেন। দ্বিতীয় পর্বে শপথ নেন আমির হোসেন আমু, মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের বাকি সাংসদ এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টির সাংসদরা। তৃতীয় পর্বে শপথ নেন জাতীয় পার্টির সাংসদরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিকাল ৩টার দিকে শপথ কক্ষে আসেন। অপর সাংসদরা দুপুরের পর থেকেই সংসদ ভবনে আসতে শুরু করেন। এইচএম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি, হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ এবং রাশেদ খান মেননের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির সাংসদরা দুপুরের পরপরই সংসদ ভবনে আসেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে শপথ কক্ষসহ আশপাশের এলকায় তল্লাশি চালায়। ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চলে। শপথ অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতা সংসদ ভবনে জড়ো হয়। রোববার বিকাল ৩টায় বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও দুইজন স্বতন্ত্র সাংসদসহ বাকি সব সাংসদের শপথ নেওয়ার সময় নির্ধারিত রয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। গত বৃহস্পতিবার নবম সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়। গত ২৯ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মহাজোটে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি ও ওয়ার্কার্স পার্টি ২টি আসন পেয়েছে। সেই হিসেবে মহাজোটের মোট আসন সংখ্যা ২৬২। অন্যদিকে বিগত সরকারে থাকা চারদলীয় জোটের বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ৩২টি আসন। এর মধ্যে বিএনপির আসন সংখ্যা ২৯টি। অন্য শরিক জামায়াতে ইসলামী ২টি ও বাংলাদেশ জাতীয় পার্টি ১টি আসন পেয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১টি ও স্বতন্ত্র ৪টি আসন পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এলএইচ/এসএম/এমআই/জেকে/২১২৫ ঘ.