মুন্সীগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনে জনগণের রায় মেনে নিয়ে বিকল্প ধারার নেতা অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজ্জা চৌধুরী বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্র্য নির্মূলে নতুন সরকারের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি বলেন, "ফল যাই হউক জনগণের রায়কে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। আশা করছি জনগণের প্রত্যাশা পূরনে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে। জনগণের কল্যাণে নতুন সরকার যাই করুক না কেন সে কাজে সর্বাত্মক সমর্থন দিবে বিকল্প ধারা।"
শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে নিজের বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বিকল্প ধারার নেতা এ কথা বলেন।
নির্বাচনে তার পরাজয়ের কারণ উদঘাটনে বি. চৌধুরী তার নির্বাচনী এলাকার লোকজন এবং নেতা-কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন।
২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প ধারা একটিও আসন পায়নি। নির্বাচনে দলের এ পরাজয়ের কারণে দলের সভাপতির পদ থেকে বি. চৌধুরী পদত্যাগ করেছেন। একই সঙ্গে দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর মান্নানও পদত্যাগ করেছেন।
মতবিনিময় সভায় বিকল্প ধারার ভারপ্রাপ্ত মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, "আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণের পবিত্র রায়কে সম্মান করে গণতন্ত্রের আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করবো।"
নিজের নিজের অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিতি ছিলেন- বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য জয়নাল আবেদীন, মঞ্জুর রাশেদ, জাহাঙ্গীর আলম বিপ্লব, আশরাফ হোসেন হাসু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24