২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: খাগড়াছড়িতে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী নব কমল চাকমা ও প্রিয়দর্শী চাকমা লিখিত বিবৃতিতে অভিযোগ করেন, গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদপ্রার্থী আশুতোষ চাকমার কয়েকজন সমর্থক তাদের কাছ থেকে প্রত্যাহারপত্রে জোর করে স্বাক্ষর নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

খাগড়াছড়ি, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থীকে হুমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রার্থী নব কমল চাকমা ও প্রিয়দর্শী চাকমা লিখিত বিবৃতিতে অভিযোগ করেন, গত ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চেয়ারম্যান পদপ্রার্থী আশুতোষ চাকমার কয়েকজন সমর্থক তাদের কাছ থেকে প্রত্যাহারপত্রে জোর করে স্বাক্ষর নেয়। সদর থানার উপ-পরিদর্শক আজম বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রিয়দর্শী চাকমা এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৩০) করেছেন। তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। নব কমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩১ ডিসেম্বর বিকালে আশুতোষ চাকমার কয়েকজন সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী চিরজ্যোতি চাকমা, কমল বিকাশ চাকমা, প্রিয়দর্শী চাকমা, কিরণ শঙ্কর চাকমা, খনি রঞ্জন ত্রিপুরা, রিপন চাকমা এবং তাদের দুজনকে এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রজ্ঞান জ্যোতি চাকমাকে বাঘাইছড়ি এলাকা থেকে পিকআপে করে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় নিয়ে যায়। সেখানে জোর করে তাদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর নেওয়া হয়।" এ ব্যাপারে আশুতোষ চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকার করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা দিঘীনালা উপজেলার ইউএনও মনিরুজ্জামান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।" রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান বলেন, "এ বিষয়ে সঠিক তথ্য পেলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেকে/এসকে/২৩২২ঘ.