২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অনিয়মের অভিযোগ নাকচ দিলেন আনোয়ারুল ইকবাল

নির্বাচন সুষ্ঠু হয়নি বা অনিয়ম হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটা ঠিক নয়- দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

সাতক্ষীরা জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন সুষ্ঠু হয়নি বা অনিয়ম হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটা ঠিক নয়- দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, "নির্বাচন অস্বচ্ছ হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলেছেন নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে।" বৃহস্পতিবার সাতক্ষীরার বিনেরপোতা ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে একটি দুগ্ধ শীতলীকরণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচনে অনিয়ম হয়েছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারুল ইকবাল আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মিল্কভিটার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের প্রচেষ্টায় গত এক বছরে মিল্কভিটাকে লোকসানী প্রতিষ্ঠান থেকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।" উদ্বোধনের পর তিনি কারখানা চত্বরে একটি আমগাছ রোপণ করেন। মিল্কভিটার চেয়ারম্যান বেগম ফেরদৌসী আলীর সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটি সাবেক চেয়ারম্যান হাসিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ আবু সুফিয়ান, মহাব্যবস্থাপক আলতাপ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.