২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ২৫

বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী আরও সহিংসতার খবর পাওয়া গেছে। বুধবার রাত ও বৃহস্পতিবার পটুয়াখালী, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ কয়েকটি স্থানে হামলা-সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন জেলায় নির্বাচন-পরবর্তী আরও সহিংসতার খবর পাওয়া গেছে। বুধবার রাত ও বৃহস্পতিবার পটুয়াখালী, সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ কয়েকটি স্থানে হামলা-সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে - জমিরুন নেছা (৭০), সুবেন্দু দে (৪৫), নবাব আলী (৩০), সুধাংশু দে, অধীর দে, মান্দা রাণীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং সুবোধকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চানপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফুলকুমার সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সমর্থক সুভেন্দ দে এবং বিএনপি সমর্থক নবাব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও রাজনীতি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ জানান, এ ঘটনায় এখনও কোন পক্ষ মামলা করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটুয়াখালী: পটুয়াখালী শহরে সকাল ১১টায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী আল আমিন (২২), মনোয়ার হোসেন রুজেল (২৩) ও শামীম আহমেদকে (২৩) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর: জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজারে বুধবার গভীর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান প্রদীপ সাংবাদিকদের বলেন, হামলাকারীরা কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করেছে। তিনি এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছেন। অপরদিকে বিএনপির উপজেলা কমিটির সদস্য রহুল আমিন মিলন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনাকে সাজানো নাটক এবং তাদের হয়রানির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামে বুধবার রাতেও নির্বাচনী সহিংসতায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা আহত হয়েছেন। এরা হলেন- উপজেলা যুবদলের সদস্য খাজা মিয়া (৩৫) ফরিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর (২৫) এবং পৌর বিএনপির সদস্য লাহুত (৫৫)। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মাথা, ঘাড়ে ও হাতে জখম প্রাপ্ত খাজা এবং লাহুতকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলিয়ারচর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মনসুর আহমেদ বলেন, হামলার ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলায় আরও ১২ জন আহত হন। দু'দিনে শুধু কুলিয়ারচরে অন্তত ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় বুধবার কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারুক আহম্মদ। নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় বিএনপির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সশস্ত্র অবস্থায় কুলিয়ারচরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। তারা বিএনপি নেতাকর্মীদের মারধর ও বাড়ি ঘর ভাংচুর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে বাধা দিচ্ছে। সাভার: সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় নির্বাচনের সময় প্রতীক হিসেবে টাঙানো একটি নৌকা বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে দৃস্কৃতকারীরা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, গোপিনাথপুর এলাকার তিন রাস্তার মোড়ে বিশালাকৃতির নৌকা বাঁশ দিয়ে টাঙানো ছিল। বুধবার গভীর রাতে দুস্কৃতকারীরা এতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। যশোর: যশোরে আবারও একজন সাংবাদিককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। কর্মস্থল গ্রামের কাগজ কার্যালয় থেকে বুধবার রাতে বাড়ি ফেরার পথে শহরতলীর সুজলপরে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। তিনি যশোর আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফয়সাল জানান, নির্বাচন সংক্রান্ত একটি সংবাদের জের ধরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসীরা তার ব্যবহৃত একটি মোবাইল সেটও ছিনিয়ে নিয়ে যায়। তবে কারা হামলা করতে পারে সে ব্যাপারে তিনি কিছু জানাননি। এ ঘটনায় প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের নেতারা নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আটকের দাবি জানিয়েছেন। চারদলীয় জোট কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং তাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াত। বৃহস্পতিবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতারা এ অভিযোগ করেন। জামায়াত নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর জেলার বিভিন্ন স্থানে 'আওয়ামী লীগের সন্ত্রাসীরা' তাদের দলীয় কর্মী সমর্থকদের উপর হামলা শুরু করেছে। গা ঢাকা দিয়ে থাকা সন্ত্রাসীরা ফিরে এসে চাঁদা দাবি করছে। পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন ফল পাওয়া যাচ্ছে না বলে তারা অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চারদলীয় জোটের পরাজিত প্রার্থী জেলা আমির মাওলানা আজীজুর রহমান, মুহাদ্দিস আবু সাঈদ, সেক্রেটারি মাস্টার নুরুন্নবী, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস প্রমুখ। বুধবার জেলা বিএনপি সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেছে। ওই দিন পাল্টা সংবাদ সম্মেলনে খালেদুর রহমান টিটো সব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, কোন বিছিন্ন ঘটনাকে দলীয় রঙ দেওয়া ঠিক নয়। তিনি দলীয় কর্মী সমর্থকদের সহনশীল আচরণ করার আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.